জার্মানিতে স্কলারশিপের দারুণ সুযোগ, আবেদন শুরু

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

জার্মানির হ্যান্স সাইডেল ফাউন্ডেশন (Hans Seidel Foundation) আন্তর্জাতিক শিক্ষার্থী, ডক্টরাল গবেষক এবং সাংবাদিকতা-আগ্রহী আবেদনকারীদের জন্য ২০২৭ সালের স্কলারশিপ কর্মসূচির আবেদন গ্রহণ শুরু করেছে।

প্রথম আবেদন পর্ব ১৫ জুন থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। এরপর দ্বিতীয় আবেদন পর্ব ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

স্কলারশিপের জন্য আবেদনকারীদের ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনসম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করতে হবে।

ডক্টরাল গবেষকদের ক্ষেত্রে গবেষণা পরিকল্পনা, একাডেমিক রেফারেন্স এবং গবেষণা তত্ত্বাবধানের তথ্য জমা দিতে হবে। আর সাংবাদিকতা-সংশ্লিষ্ট আবেদনকারীদের মিডিয়া বা সাংবাদিকতা-সম্পর্কিত কাজের নমুনা জমা দেওয়ার শর্ত রয়েছে।

আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো জার্মান ভাষায় ন্যূনতম B2 স্তরের দক্ষতা। ভাষা দক্ষতার প্রমাণ ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।

হ্যান্স সাইডেল ফাউন্ডেশন জানিয়েছে, এই স্কলারশিপে শুধু একাডেমিক সাফল্য নয়, সমাজে ইতিবাচক অবদান রাখার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে। তাই কমিউনিটি সার্ভিস, যুব উন্নয়ন, সামাজিক উদ্যোগ ও স্বেচ্ছাসেবামূলক কাজের আনুষ্ঠানিক প্রমাণ আবেদনকারীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।