জার্মানির নতুন আইনে দক্ষ কর্মীদের জন্য বড় সুখবর
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬
দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে জার্মানি। Skilled Immigration Act (FEG)–এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের পাশাপাশি পেশাগত প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাস্তব কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্যও দেশটিতে কাজের সুযোগ আরও সহজ করা হয়েছে। আইনটির বিভিন্ন ধাপ ২০২৩ সালের নভেম্বর থেকে পর্যায়ক্রমে কার্যকর হচ্ছে।
নতুন আইনের আওতায় ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুসরণ করে EU Blue Card ব্যবস্থায়ও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্লু কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বেতনসীমা কমানো হয়েছে, ফলে সংকটপূর্ণ পেশায় কর্মরত এবং নতুন যোগ্যতাসম্পন্ন আবেদনকারীদের জন্য এই সুবিধা পাওয়া সহজ হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের পেশাজীবীরা বিশ্ববিদ্যালয় ডিগ্রি ছাড়াই নির্দিষ্ট কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন।
নতুন বিধান অনুযায়ী শিক্ষক, নার্স, ফার্মাসিস্ট, ভেটেরিনারি চিকিৎসকসহ আরও কয়েকটি পেশাকে সংকটপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এসব খাতের দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে কর্মসংস্থানের সুযোগ আরও বেড়েছে।
এ ছাড়া অন্য কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ব্লু কার্ডধারীরা এখন স্বল্পমেয়াদি ব্যবসায়িক কাজে ৯০ দিন পর্যন্ত জার্মানিতে ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন। পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও কিছু শর্ত শিথিল করা হয়েছে, যা বিদেশি কর্মীদের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের মার্চ থেকে বিদেশি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার স্বীকৃতি প্রক্রিয়াও সহজ করা হয়েছে। প্রশিক্ষণকালীন ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এবং Recognition Partnership–এর মাধ্যমে কর্মচুক্তি নিয়ে জার্মানিতে প্রবেশ করে পরে যোগ্যতার স্বীকৃতি নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
নতুন আইনে বাস্তব কর্ম-অভিজ্ঞতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করলে কিছু ক্ষেত্রে আনুষ্ঠানিক যোগ্যতার স্বীকৃতি ছাড়াই চাকরির সুযোগ পাওয়া যাবে। বিশেষ করে আইটি খাতে অভিজ্ঞ কর্মীদের জন্য ভাষাজ্ঞানের বাধ্যবাধকতাও কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে।
এদিকে ২০২৪ সালের জুনে চালু হওয়া Opportunity Card–এর মাধ্যমে বিদেশি নাগরিকরা জার্মানিতে এসে চাকরি খোঁজার সুযোগ পাচ্ছেন। পয়েন্টভিত্তিক এই ব্যবস্থায় নির্ধারিত যোগ্যতা ও ভাষাগত দক্ষতা থাকলে এক বছরের জন্য কার্ড ইস্যু করা হয়। এ সময় সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত খণ্ডকালীন কাজ বা ট্রায়াল কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
এ ছাড়া দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সময়ও কমানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করলে আগের তুলনায় কম সময়ে স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, দক্ষ কর্মীদের জন্য জার্মানির নতুন অভিবাসন আইন দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ আরও বিস্তৃত করেছে। বিশেষ করে বাংলাদেশসহ তৃতীয় দেশের দক্ষ কর্মীদের জন্য এটি নতুন কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তৈরি করেছে।



