যুক্তরাজ্যে কম খরচে পড়ার সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন চালু করেছে Birkbeck International Excellence Scholarship 2026। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ১ হাজার থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে বৃত্তির সংখ্যা সীমিত এবং আবেদনকারীদের যোগ্যতা ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত করা হবে।

আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই আন্তর্জাতিক বা ওভারসিজ ফি-প্রদানকারী হতে হবে এবং ২০২৬ সালের শরৎকালীন সেশনের কোনো পূর্ণকালীন কোর্সে নিঃশর্ত (Unconditional) ভর্তি প্রস্তাব পেতে হবে। যারা প্রথমবারের মতো বার্কবেকে ভর্তি হবেন, তারাই মূলত এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এটি পূর্ণ অর্থায়নের (Fully Funded) বৃত্তি নয়। এই স্কলারশিপের সুবিধা শুধু টিউশন ফির একটি অংশ কমানোর মধ্যেই সীমাবদ্ধ। জীবনযাত্রার ব্যয়, আবাসন, বিমানভাড়া, ভিসা ফি বা অন্যান্য ব্যক্তিগত খরচ শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে বহন করতে হবে।

১৮৩৬ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব লন্ডন যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৭টি স্বায়ত্তশাসিত কলেজ এবং একাধিক কেন্দ্রীয় ইনস্টিটিউট নিয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ প্রদান করে আসছে।

বিশ্ববিদ্যালয়টির মতে, শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আবেদনপত্রের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও থাকতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাজ্যে তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে অবশিষ্ট টিউশন ফি এবং যুক্তরাজ্যে বসবাসের ব্যয় বহনের জন্য আবেদনকারীদের নিজস্ব অর্থায়নের সক্ষমতা দেখাতে হবে।

বৃত্তির বিস্তারিত তথ্য পেতে লিংকে ঢুঁ মারুন