কানাডায় দক্ষ কর্মী নিচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ আবারও দক্ষ বিদেশি কর্মী নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (BCPNP)–এর আওতায় ৯ জুলাই অনুষ্ঠিত সর্বশেষ Skills Immigration ড্রতে স্বাস্থ্যসেবা, শিশু পরিচর্যা, ভেটেরিনারি কেয়ার এবং নির্মাণ খাতের যোগ্য প্রার্থীদের আবেদন করার আমন্ত্রণ জানানো হয়েছে।

এটি ছিল চলতি বছরের অষ্টম স্কিলস ইমিগ্রেশন ড্র এবং মোট ১৫তম নির্বাচন। সর্বশেষ ড্রতে মোট ৩৪৩ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে নির্মাণ খাতেই সর্বোচ্চ ১৩৬ জন আমন্ত্রণ পেয়েছেন।

প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, শিশু পরিচর্যা খাতে ৯১ জন, স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট ৩১টি পেশায় ১১৬ জন, ভেটেরিনারি কেয়ার খাতে ৫ জনের কম এবং নির্মাণ খাতের ৯টি পেশায় ১৩৬ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন খাতে নির্বাচনের জন্য ন্যূনতম স্কোরও নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ কলাম্বিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতের ড্রগুলোতে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অগ্রাধিকার পরিবর্তন হতে পারে। প্রার্থীদের শিক্ষা, পেশাগত যোগ্যতা, কর্ম–অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা, চাকরির প্রস্তাব, প্রদেশে বসবাসের আগ্রহ এবং স্থানীয় শ্রমবাজারের প্রয়োজন বিবেচনা করে নির্বাচন করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ৭ জুলাই পর্যন্ত BCPNP নিবন্ধন পুলে ৮ হাজার ৬৮৩ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদনকারী ছিলেন ১০০–১০৯ স্কোরের মধ্যে।

চলতি বছরে এখন পর্যন্ত ব্রিটিশ কলাম্বিয়া স্কিলস ইমিগ্রেশন ক্যাটাগরিতে ৩ হাজার ১০৭ জন প্রার্থীকে আমন্ত্রণ জানিয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও নির্মাণ খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে আন্তর্জাতিক কর্মীদের অগ্রাধিকার দিচ্ছে প্রদেশটি।

সংশ্লিষ্টদের মতে, কানাডার এই উদ্যোগ বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। তবে আবেদনকারীদের যোগ্যতা, ভাষাজ্ঞান এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে প্রস্তুত রেখে আবেদন করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।