জার্মান ভিসা সাক্ষাৎকারের আগে যা জানা জরুরি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

বাংলাদেশে জার্মানির দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে। ভিসা সাক্ষাৎকারে অংশ নেওয়ার আগে আবেদনকারীরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন, সে লক্ষ্যে দূতাবাস ছয় ধাপের একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে আবেদনপত্র প্রস্তুত করা থেকে শুরু করে সাক্ষাৎকারের দিন অনুসরণীয় নিয়ম পর্যন্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, প্রথমেই আবেদনকারীদের সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরির চেকলিস্ট অনুসরণ করতে হবে। সব মূল কাগজপত্রের পাশাপাশি এ–৪ আকারের ফটোকপিও সঙ্গে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে সাধারণ কিছু ভুলের বিষয়ে সতর্ক করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই সাক্ষাৎকারের ই-মেইল কনফার্মেশনের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। এছাড়া নির্ধারিত মাপের (৩৫×৪৫ মিলিমিটার) সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি জমা দিতে হবে। ভিসা প্রসেসিং ফি পরিশোধের জন্য নগদ অর্থ সঙ্গে রাখারও পরামর্শ দিয়েছে দূতাবাস, কারণ কার্ড বা অনলাইন পেমেন্ট গ্রহণ করা হয় না।

তৃতীয় ধাপে আবেদনকারীদের সঠিক প্রবেশপথ ব্যবহার করতে বলা হয়েছে। গুলশান–২ সার্কেল থেকে এলে ভিসা আবেদনকারীদের জন্য নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রয়োজনে নিরাপত্তাকর্মীরা দিকনির্দেশনা দেবেন।

চতুর্থ ধাপে নিরাপত্তা প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রবেশের সময় পাসপোর্ট ও ই-মেইল কনফার্মেশনের প্রিন্ট কপি দেখাতে হবে। মোবাইল ফোন, ল্যাপটপসহ নিষিদ্ধ সামগ্রী লকারে জমা রেখে নিরাপত্তা তল্লাশির পর অপেক্ষাকক্ষে প্রবেশ করতে হবে।

পঞ্চম ধাপে জানানো হয়েছে, জার্মানি ও ফ্রান্সের ভিসা আবেদনকারীরা একই অপেক্ষাকক্ষে অবস্থান করবেন। সেখানে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও টয়লেটের সুবিধা রয়েছে। সাধারণত অল্প সময়ের মধ্যেই আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।

সবশেষ ধাপে কাউন্টারে সাক্ষাৎকারের নিয়ম তুলে ধরা হয়েছে। ভিসা কর্মকর্তা প্রয়োজন অনুযায়ী কাগজপত্র যাচাই করবেন। কোনো ভুয়া বা জাল নথি জমা দিলে আবেদন বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজন হলে এ সময়ই প্রসেসিং ফি নগদ পরিশোধ করতে হবে।

দূতাবাসের মতে, আবেদনকারীরা যদি এই নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করেন, তাহলে ভিসা আবেদন ও সাক্ষাৎকার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত জো হবে।