ভিসা ছাড়াই স্পেন ভ্রমণ, ৬০ দেশের জন্য নতুন ঘোষণা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬
স্পেন সরকার ভিসামুক্ত প্রবেশের জন্য অনুমোদিত দেশের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের ৬০টি দেশের নাগরিক নির্দিষ্ট শর্তে ভিসা ছাড়াই স্পেনে প্রবেশ করতে পারবেন। তবে এই তালিকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ স্থান পায়নি।
প্রকাশিত তালিকায় ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, এশিয়া, ওশেনিয়া এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সংযুক্ত আরব আমিরাত, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, আমেরিকা, ইউক্রেন, উরুগুয়ে, ভেনেজুয়েলা, সামোয়া ও ভানুয়াতু।
স্পেন সরকার একই সঙ্গে এমন দেশগুলোর একটি পৃথক তালিকাও প্রকাশ করেছে, যেসব দেশের নাগরিকদের স্পেনে প্রবেশের আগে ভিসা নিতে হবে। ওই তালিকায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলো রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভিসামুক্ত দেশের তালিকা প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করতে চায় স্পেন। এতে ভ্রমণকারীরা আগে থেকেই জানতে পারবেন তাদের ভিসার প্রয়োজন হবে কি না।
বিশ্লেষকদের মতে, ভিসামুক্ত প্রবেশের এই সুবিধা পর্যটন, ব্যবসা এবং স্বল্পমেয়াদি আন্তর্জাতিক ভ্রমণকে আরও গতিশীল করবে। তবে তালিকার বাইরে থাকা দেশগুলোর নাগরিকদের জন্য আগের মতোই নিয়মিত ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।



