আমেরিকায় কয়েক লাখ অভিবাসী কর্মীর কাজের অনুমতি বাতিল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

আমেরিকায় মানবিক কর্মসূচির আওতায় থাকা কয়েক লাখ বিদেশি কর্মীর কাজের অনুমতি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) নিয়োগকর্তাদের কাছে পাঠানো এক নোটিশে জানিয়েছে, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (TPS) সুবিধাভোগীদের ওয়ার্ক পারমিট আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মেয়াদ শেষ হবে। ফলে অনেক অভিবাসী কর্মী চাকরি হারানোর পাশাপাশি ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়তে পারেন।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস (USCIS) জানিয়েছে, হাইতির নাগরিকদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। এছাড়া ইথিওপিয়া, মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের জন্য নির্ধারিত সময়সীমা ১৭ জুলাই।

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ওই রায়ের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের টিপিএস সুবিধা বাতিলের ক্ষমতা বহাল থাকে। এর ফলে প্রায় ৩ লাখ ৩০ হাজার হাইতিয়ান এবং ৬ হাজার ১০০ সিরীয় নাগরিক ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়া আরও পাঁচটি দেশের প্রায় ২০ হাজার অভিবাসীও এই সিদ্ধান্তের আওতায় রয়েছেন।

অভিবাসী অধিকারকর্মীরা বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হাজারো পরিবার নতুন সংকটে পড়বে এবং মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

এর আগে ইউএসসিআইএস কয়েক দফায় ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়েছিল। তবে সময়সীমা বারবার পরিবর্তন হওয়ায় অনেক নিয়োগকর্তা বিভ্রান্ত হয়ে আগেই কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দেন।

আমেরিকান বিজনেস ইমিগ্রেশন কোয়ালিশনের আইনি উপদেষ্টা জ্যাকব মন্টি বলেন, সময়সূচি বারবার পরিবর্তনের কারণে নিয়োগকর্তারা আইনি ঝুঁকি এড়াতে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

বর্তমানে হাজার হাজার টিপিএসধারী অভিবাসী যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, বৃদ্ধাশ্রম, নির্মাণ, উৎপাদন ও পরিবহন খাতে কাজ করছেন। বিশ্লেষকদের মতে, তাদের বড় অংশ চাকরি হারালে এসব খাতে শ্রমিক সংকট আরও তীব্র হতে পারে।

ট্রাম্প প্রশাসন আগেই টিপিএস কর্মসূচি সীমিত করার পরিকল্পনার কথা জানিয়েছিল। নতুন আইনি অগ্রগতির ফলে আগামী সেপ্টেম্বরের শুরুতে এল সালভাদরের প্রায় ২ লাখ নাগরিকের টিপিএস সুবিধাও বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৯৯০ সালে চালু হওয়া টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (TPS) কর্মসূচি যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য মানবিক সংকটে থাকা দেশের নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের সুযোগ দিয়ে আসছে। নতুন সিদ্ধান্তে কয়েক লাখ মানুষ চাকরি হারানোর পাশাপাশি অনিশ্চয়তার মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা।