যুক্তরাজ্যে ১৬ লাখ অভিবাসীর জন্য সুখবর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দেশটির হোম অফিস স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) পাওয়ার সময়সীমা নিয়ে নতুন করে ভাবছে। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে প্রায় ১৬ লাখ অভিবাসী এর সুবিধা পেতে পারেন।

এর আগে সরকার স্থায়ী বসবাসের জন্য ন্যূনতম সময়সীমা ৫ বছর থেকে ১০ বছরে উন্নীত করার পরিকল্পনা করেছিল। তবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামসহ বিভিন্ন মহলের আপত্তির পর সেই পরিকল্পনা থেকে সরকার সরে আসার ইঙ্গিত দিয়েছে।

সরকারের আগের পরিকল্পনা অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে তুলনামূলক সহজ ভিসা ব্যবস্থায় যুক্তরাজ্যে আসা অভিবাসীদেরও ১০ বছর অপেক্ষা করতে হতো। কিন্তু সমালোচকদের মতে, হঠাৎ এমন পরিবর্তন করলে স্বাস্থ্যসেবা, সামাজিক সেবা ও কেয়ার খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মী সংকট আরও তীব্র হতে পারত।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্রেক্সিট-পরবর্তী সময়ে যুক্তরাজ্যে যাওয়া হাজারো বাংলাদেশিসহ লাখো অভিবাসী ৫ বছর পূর্ণ হলেই ILR-এর জন্য আবেদন করার সুযোগ পেতে পারেন।

এদিকে, অভিবাসন নীতি নিয়ে চলমান বিতর্কের মধ্যে জাতীয় নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, কিছু বিদেশি রাষ্ট্র অনলাইন প্রচারণার মাধ্যমে অভিবাসন ইস্যু ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, স্থায়ী বসবাসের সুযোগ সহজ হলে সরকারি ব্যয় কিছুটা বাড়তে পারে। তবে সরকারের দৃষ্টিতে শ্রমবাজারে স্থিতিশীলতা বজায় রাখা, জনসেবামূলক খাতে কর্মী সংকট দূর করা এবং দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের জন্য একটি বাস্তবসম্মত পথ তৈরি করাই এখন প্রধান অগ্রাধিকার।

তবে উল্লেখ্য, এ বিষয়ে এখনো চূড়ান্ত সরকারি ঘোষণা বা আইন কার্যকর হয়নি। নীতিগত পরিবর্তন কার্যকর হলে হোম অফিস আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে।