আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়ম সহজ করল নিউজিল্যান্ড
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আরও নমনীয় করতে নতুন পরিবর্তনের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আগামী ২০ জুলাই থেকে ‘পাথওয়ে স্টুডেন্ট ভিসা’ (Pathway Student Visa)–এর আওতায় একাধিক নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পড়াশোনার বিষয় বা কোর্স পরিবর্তন করতে চাইলে অনেক ক্ষেত্রে নতুন করে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হবে না। এর ফলে শিক্ষার্থীদের সময় ও প্রশাসনিক জটিলতা কমবে।
এছাড়া পাথওয়ে স্টুডেন্ট ভিসা–এর আওতায় আরও বেশি ধরনের শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্সের মধ্যে স্থানান্তর আগের তুলনায় আরও সহজ হবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষার জন্যও অতিরিক্ত সময় দেওয়া হবে। এতে শিক্ষার্থীরা মূল কোর্স শুরু করার আগে প্রয়োজনীয় ভাষাগত প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন।
নিউজিল্যান্ড সরকারের আশা, নতুন এই পরিবর্তনের মাধ্যমে দেশটিতে উচ্চশিক্ষা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষা খাতের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ আরও সহজ ও সহায়ক হবে।



