অবৈধ অভিবাসন ৯২% কমেছে, সাইপ্রাসে বৈধ অভিবাসীর সংখ্যা বাড়ছে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

সাইপ্রাসে বৈধ অভিবাসীর সংখ্যা দুই লাখ অতিক্রম করেছে। একই সঙ্গে গত কয়েক বছরে দেশটিতে অবৈধ অভিবাসন উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন ও আন্তর্জাতিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী ড. নিকোলাস ইয়োয়ানিদেস।

সংসদের অভ্যন্তরীণ বিষয়ক কমিটির বৈঠকে তিনি জানান, বর্তমানে সাইপ্রাসে রেসিডেন্স পারমিটধারীর সংখ্যা প্রায় দুই লাখ এবং আশ্রয়প্রার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার। এছাড়া দুই বছর আগে ঝুলে থাকা ২৪ হাজার আশ্রয় আবেদন কমে বর্তমানে ১৩ হাজার ৫০০-তে নেমে এসেছে।

উপমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে অবৈধভাবে সাইপ্রাসে প্রবেশের সংখ্যা ২০২২ সালের তুলনায় ৯২ শতাংশ কমেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ৩৫ হাজার তৃতীয় দেশের নাগরিক দেশটি ছেড়েছেন।

তিনি আরও জানান, ৫ হাজার ২০০-এর বেশি সিরীয় নাগরিক তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করেছেন অথবা আন্তর্জাতিক সুরক্ষা মর্যাদা ত্যাগ করেছেন। এদের অধিকাংশই স্বেচ্ছায় সিরিয়ায় ফিরে গেছেন। এছাড়া প্রায় ২ হাজার সিরীয় নাগরিকের আশ্রয় আবেদন বাতিল করা হয়েছে এবং এ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

ড. ইয়োয়ানিদেস বলেন, সংসদের সহযোগিতায় শরণার্থী আইন সংশোধন করা হয়েছে। নতুন আইনের আওতায় আন্তর্জাতিক ও ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের সুরক্ষা মর্যাদা বাতিলের সুযোগ রাখা হয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পোরনারা রিসেপশন সেন্টার আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি লিমনেসে নতুন রিসেপশন ও প্রি-রিমুভাল সেন্টার চালু হওয়ায় অভিবাসীদের ফেরত পাঠানোর সক্ষমতা আগের তুলনায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।

প্রবাসীদের সেবা আরও সহজ করতে সম্প্রতি নতুন ই-সার্ভিস চালু করেছে সাইপ্রাস সরকার। এর মাধ্যমে নির্দিষ্ট ধরনের অভিবাসন পারমিট অনলাইনে নবায়ন করা যাবে। ভবিষ্যতে এ ডিজিটাল সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সরকারের দাবি, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, বৈধ অভিবাসীদের জন্য সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনিক সেবা ডিজিটাল করার মাধ্যমে সাইপ্রাসের অভিবাসন ব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক হয়ে উঠছে।