আমেরিকার ভিসা নিয়ে নতুন বার্তা, সতর্ক করল দূতাবাস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

আমেরিকায় ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই আবেদন করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। ঢাকার মার্কিন দূতাবাস ১৯ জুলাই এক বার্তায় জানায়, নিজ দেশের বাইরে অন্য কোনো দেশ থেকে ভিসার আবেদন করলে প্রক্রিয়া জটিল হতে পারে এবং ভিসা পাওয়ার সম্ভাবনাও কমে যেতে পারে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই অনলাইনে ভিসা আবেদনপত্র (DS-160) পূরণ, প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন এবং নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য দেশে গিয়ে ভিসা আবেদন করলে আবেদনকারীর পরিচয় ও তথ্য যাচাইয়ে অতিরিক্ত সময় লাগে। ফলে আবেদন প্রক্রিয়া দীর্ঘ হতে পারে এবং কিছু ক্ষেত্রে ভিসা অনুমোদন পাওয়া কঠিন হয়ে যায়।

এছাড়া অন্য দেশে জমা দেওয়া আবেদন প্রত্যাখ্যাত হলে পরিশোধিত ভিসা ফি ফেরত দেওয়া হবে না বলেও সতর্ক করেছে দূতাবাস।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদন ফি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা উচিত। কোনো এজেন্সি, দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থ পরিশোধ করলে প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।

দূতাবাস আবেদনকারীদের সঠিক তথ্য প্রদান, নির্ধারিত নিয়ম অনুসরণ এবং কেবল সরকারি ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে আমেরিকার ভিসা আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। এতে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ ও সহজ হবে।