জার্মানিতে উচ্চশিক্ষায় মাসে ২ লাখ ৩২ হাজার টাকা পর্যন্ত বৃত্তি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬
জার্মানিতে উচ্চশিক্ষা বা পিএইচডি করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর। দেশটির হান্স সাইডেল ফাউন্ডেশন (Hans Seidel Foundation) ২০২৭ শিক্ষাবর্ষের স্কলারশিপ কর্মসূচির জন্য আবেদন আহ্বান করেছে। স্নাতকোত্তর, পিএইচডি এবং সাংবাদিকতায় আগ্রহী যোগ্য আবেদনকারীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
স্কলারশিপের আওতায় নির্বাচিত স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ৯৯২ ইউরো (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) ভাতা পাবেন। অন্যদিকে পিএইচডি গবেষকরা প্রতি মাসে ১ হাজার ৬৫০ ইউরো (প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা) পাবেন। এছাড়া প্রতি মাসে ৩০০ ইউরো স্টাডি অ্যালাউন্স এবং স্বাস্থ্যবিমার জন্য সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।
আবেদন করতে হলে প্রার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষা বা গবেষণার পরিকল্পনা থাকতে হবে। ভালো একাডেমিক ফলাফল, সুস্পষ্ট শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ আবেদন মূল্যায়নে বাড়তি সুবিধা দেবে। পিএইচডি আবেদনকারীদের গবেষণা-প্রস্তাব, সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ জমা দিতে হবে।
এছাড়া সাংবাদিকতায় আগ্রহী আবেদনকারীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংবাদ, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়া প্রতিবেদনের সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিতে হবে।
আবেদনকারীদের জার্মান ভাষায় অন্তত বি–২ (B2) স্তরের দক্ষতার সনদ থাকতে হবে। তবে এই স্কলারশিপের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক নয়।
আবেদনের জন্য প্রয়োজন হবে আবেদনপত্র, শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্ট, হালনাগাদ সিভি বা রেজুমে, পার্সোনাল স্টেটমেন্ট এবং প্রয়োজনীয় অন্যান্য নথি।
আগ্রহীদের ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সুপারিশপত্র সংগ্রহ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম ধাপে আবেদন করতে না পারলে ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৭। কর্তৃপক্ষ শেষ সময়ের জন্য অপেক্ষা না করে প্রয়োজনীয় নথিপত্র আগেই প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে।



