স্কলারশিপ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডিএসইউ (DSU) স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইতালির ইউনিভার্সিটি অব মিলান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
ইতালির অন্যতম শীর্ষ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছেন। গবেষণা ও আন্তর্জাতিক শিক্ষা পরিবেশের জন্য প্রতিষ্ঠানটি ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত।
ডিএসইউ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, প্রতি মাসে ৬০০ ইউরো জীবনযাত্রা ভাতা, ১০০ ইউরো ভ্রমণ ভাতা এবং বিনা মূল্যে বা ভর্তুকিযুক্ত আবাসনের সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়টিতে কৃষি ও খাদ্যবিজ্ঞান, মানবিক, আইন, চিকিৎসা, ফার্মেসি, বিজ্ঞান ও প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভাষা ও আন্তসাংস্কৃতিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।
আবেদনকারীদের সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ স্নাতকে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক, স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক এবং পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভাষাগত যোগ্যতা (ইংরেজি বা ইতালীয়) এবং প্রয়োজনীয় আর্থিক নথিপত্র জমা দিতে হবে।
আবেদনের জন্য পাসপোর্ট, ছবি, জীবনবৃত্তান্ত (সিভি), অনলাইন আবেদনপত্র, বিশ্ববিদ্যালয়ের ভর্তি বা তালিকাভুক্তির চিঠি, আর্থিক অবস্থার প্রমাণপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, দুটি রেফারেন্স লেটার, আইইএলটিএস স্কোর, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অব মিলানের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও স্কলারশিপ-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।



