যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার নিয়মে পরিবর্তন, ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। এতে শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ, কোর্স পরিবর্তন, ভিসা নবায়ন এবং পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমাসহ বিভিন্ন বিষয়ে নতুন বিধান যুক্ত হচ্ছে।

নতুন নীতিমালা অনুযায়ী, আগে যেখানে F, J ও M ক্যাটাগরির অনেক শিক্ষার্থী Duration of Status (D/S)-এর আওতায় কোর্স চলাকালীন যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন, সেখানে এখন সর্বোচ্চ চার বছরের নির্দিষ্ট মেয়াদ দেওয়া হবে। চার বছরের বেশি সময় প্রয়োজন হলে শিক্ষার্থীকে Extension of Stay-এর জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য, ব্যাকগ্রাউন্ড যাচাইসহ অতিরিক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এছাড়া পড়াশোনা শেষ হওয়ার পর নিজ দেশে ফেরা বা অন্য ভিসা ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য আগে ৬০ দিনের গ্রেস পিরিয়ড থাকলেও নতুন নিয়মে তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

নতুন বিধানে মেজর পরিবর্তন, কোর্সের মেয়াদ বৃদ্ধি কিংবা নতুন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়ার ক্ষেত্রেও সরকারি অনুমোদনের প্রয়োজন হবে। ফলে শিক্ষার্থীদের আগের তুলনায় আরও সতর্কভাবে একাডেমিক পরিকল্পনা করতে হবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জানিয়েছে, ভিসার অপব্যবহার রোধ, জাতীয় নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিবাসন-সংক্রান্ত তদারকি আরও কার্যকর করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, গবেষণাভিত্তিক এবং দীর্ঘমেয়াদি স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। দীর্ঘমেয়াদি STEM ও গবেষণা কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত অনুমোদন নিতে হতে পারে।

এদিকে, কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ দিয়েছে, যাতে নতুন নীতিমালা কার্যকরের সময় প্রশাসনিক জটিলতা এড়ানো যায়। শিক্ষা-সংশ্লিষ্ট সংগঠনগুলোর আশঙ্কা, নতুন নিয়মে অতিরিক্ত কাগজপত্র, সময়ক্ষেপণ ও অনিশ্চয়তা বাড়তে পারে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রকে তুলনামূলক কম আকর্ষণীয় করে তুলতে পারে।