সুইডেনে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন, পুনর্বিবেচনায় এক লাখ আবেদন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

সুইডেনে নাগরিকত্ব অর্জনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর প্রায় এক লাখ নাগরিকত্ব আবেদন নতুন বিধানের আওতায় পুনর্বিবেচনা করা হচ্ছে। এতে আগে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন করা অনেক অভিবাসীকেও নতুন শর্ত পূরণ করতে হবে।

নতুন আইনে নাগরিকত্বের জন্য বৈধ বসবাসের ন্যূনতম সময় পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করা হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের সুইডিশ ভাষায় দক্ষতা, দেশটির সমাজ ও নাগরিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নিয়মিত ও স্থায়ী আয়ের প্রমাণ দিতে হবে।

২০২৬ সালের ৬ জুন থেকে কার্যকর হওয়া এ আইনে বলা হয়েছে, আবেদনকারীদের টানা আট বছর বৈধভাবে সুইডেনে বসবাস করতে হবে। এই সময়ে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করলে তা নাগরিকত্বের যোগ্যতায় প্রভাব ফেলতে পারে। এছাড়া সামাজিক ভাতার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আবেদন মূল্যায়নে নেতিবাচক হিসেবে বিবেচিত হবে।

নতুন আইনের সবচেয়ে আলোচিত দিক হলো, আবেদন জমা দেওয়ার তারিখ নয়, বরং নাগরিকত্বের সিদ্ধান্ত ঘোষণার তারিখ অনুযায়ী কোন আইন প্রযোজ্য হবে তা নির্ধারণ করা হবে। ফলে পাঁচ বছরের বসবাসের শর্ত পূরণ করে আগে আবেদন করলেও, যাদের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, তাদেরও নতুন আট বছরের শর্ত পূরণ করতে হতে পারে।

সংসদে অল্প ব্যবধানে পাস হওয়া এ আইন নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন বিধান বাতিল করায় হাজারো আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়েছেন এবং সংসদীয় রীতিনীতি অনুসরণ করা হয়নি।

এদিকে ভাষা দক্ষতা ও নাগরিক জ্ঞান পরীক্ষার বিধান ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, এসব পরীক্ষা ২০২৭ সালের অক্টোবর থেকে চালু হতে পারে। ফলে যাদের আবেদন এখনো প্রক্রিয়াধীন, তাদের নতুন নিয়ম অনুযায়ী দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।