ভিসা কড়াকড়ির পরও স্টাডি ভিসা দেওয়ায় বিশ্বে শীর্ষে যুক্তরাজ্য
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
কঠোর অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ থাকা সত্ত্বেও ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে যুক্তরাজ্য। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য জনপ্রিয় গন্তব্য দেশকে পেছনে ফেলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি।
পাই নিউজ (PIE News)–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাজ্য প্রায় ৪ লাখ ৩৭ হাজার স্টাডি ভিসা ইস্যু করেছে। এ সংখ্যায় দেশটি কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিপেনডেন্ট ভিসার ওপর বিধিনিষেধ আরোপের কারণে মোট আবেদন আগের তুলনায় কমেছে। তবুও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্যের জনপ্রিয়তা এখনো শক্তিশালী রয়েছে।
বিশ্লেষকদের মতে, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর হওয়ায় অনেক শিক্ষার্থী বিকল্প গন্তব্য হিসেবে যুক্তরাজ্যকে বেছে নিচ্ছেন।
এছাড়া বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, উচ্চমানের গবেষণার সুযোগ এবং স্নাতক শেষে গ্র্যাজুয়েট রুটের মাধ্যমে কাজ করার সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্যকে আরও আকর্ষণীয় করে তুলছে।
তবে ইতিবাচক অবস্থান ধরে রাখলেও যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমে যাওয়ায় অনেক বিশ্ববিদ্যালয় আর্থিক চাপের মধ্যে রয়েছে। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে নতুন কৌশল গ্রহণের প্রয়োজন হতে পারে।



