বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে ভ্রমণের সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
বিশ্বের অন্যতম স্বীকৃত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ (মধ্যবর্তী সংস্করণ)-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম, যা গত বছরের তুলনায় তিন ধাপ উন্নত। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। একটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়।
যদিও এবার বাংলাদেশের র্যাঙ্কিং উন্নত হয়েছে, তবে সহজ ভ্রমণ সুবিধার দেশের সংখ্যা গত বছরের ৩৭ থেকে কমে ৩৫-এ নেমেছে। তবুও অন্যান্য দেশের অবস্থান পরিবর্তনের কারণে বাংলাদেশের অবস্থান ১০০তম থেকে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অবস্থানে ওঠানামা দেখা গেছে। ২০২৫ সালে অবস্থান ছিল ১০০তম, ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ছিল ৯৮তম।
বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস, ফিজি, জ্যামাইকা, দ্য বাহামাস, বার্বাডোস, কম্বোডিয়া, পূর্ব তিমুর, টুভালুসহ মোট ৩৫টি দেশে।
এবারের সূচকে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন।
দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে প্রবেশের সুবিধা পান। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (১৮৭টি দেশ), আর চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন, যাদের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত বা সহজ ভ্রমণের সুযোগ পান।



