জার্মান ভাষা শেখার সুযোগ, ডিএএডি দেবে ৪৭৫ ইউরো ভাতা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD) গ্রীষ্মকালীন ভাষা ও সংস্কৃতি বিষয়ক কোর্সে আবেদন আহ্বান করেছে। এই DAAD University Summer Courses-এর মাধ্যমে শিক্ষার্থীরা জার্মান ভাষা, প্রযুক্তিগত ভাষা (Technical Language) এবং আঞ্চলিক অধ্যয়ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

প্রতিটি কোর্সের মেয়াদ চার সপ্তাহ। কোর্সগুলো জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সপ্তাহে সর্বোচ্চ পাঁচ দিন ক্লাস হবে এবং মোট কমপক্ষে ২৫ ঘণ্টা পাঠদান করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

  • বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • স্নাতক (Bachelor’s) ও স্নাতকোত্তর (Master’s) পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • স্নাতক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে অন্তত দুই বছর সম্পন্ন করতে হবে।
  • সব বিষয়ের (All Disciplines) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • কোর্সে সরাসরি (In-person) অংশ নিতে হবে, অনলাইনে অংশগ্রহণের সুযোগ নেই।
  • কোর্স সম্পূর্ণ জার্মান ভাষায় পরিচালিত হবে।

কী কী সুবিধা পাবেন?

  • আবাসন সুবিধা
  • ৪৭৫ ইউরো এককালীন ভাতা
  • দেশভিত্তিক ভ্রমণ ভাতা
  • কোর্স চলাকালে প্রয়োজনীয় সহায়তা

উল্লেখ্য, ভাতা ও ভ্রমণ ব্যয়ের অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে পাঠানো হবে না। কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছে নগদে অর্থ বিতরণ করবে।

আবেদন করার সময় যা উল্লেখ করতে হবে

আবেদনপত্রে যে কোর্সে অংশ নিতে চান, ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা এবং কেন এই কোর্সে অংশ নিতে আগ্রহী—এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে হবে। আবেদনকারীদের বাছাইয়ের ক্ষেত্রে একাডেমিক ফলাফল এবং মোটিভেশন লেটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য DAAD-এর নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।