আবেদন ফি ছাড় দিচ্ছে আমেরিকার ৪০ বিশ্ববিদ্যালয়

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আবেদন করতে গিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় একটি ব্যয় হয় আবেদন ফি। সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ৫০ থেকে ১০০ ডলার বা তারও বেশি খরচ হয়। তবে বিভিন্ন সময়ে আবেদন ফি মওকুফ বা ‘অ্যাপ্লিকেশন ফি ওয়েভার’ সুবিধা দিয়ে এই ব্যয় কমানোর সুযোগ দিচ্ছে আমেরিকার অন্তত ৪০টি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এই সুবিধা পেতে পারেন। অনেক ক্ষেত্রে ভার্চুয়াল ওপেন হাউসে অংশগ্রহণ, গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট ইভেন্টে নিবন্ধন, বিভাগীয় গ্র্যাজুয়েট কো-অর্ডিনেটরের অনুমোদন অথবা বিশেষ ভর্তি কার্যক্রমের আওতায় আবেদন ফি মওকুফ করা হয়।

যেসব বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে আবেদন ফি ছাড়ের সুযোগ দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার, ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস, সিরাকিউজ ইউনিভার্সিটি, লিহাই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া রিভারসাইড, ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসন, টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, পেন স্টেট ইউনিভার্সিটি, জনস হপকিন্স ইউনিভার্সিটি, ব্রাউন ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব শিকাগোসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

তবে কোনো বিশ্ববিদ্যালয়ের নাম তালিকায় থাকলেই সব প্রোগ্রাম বা সব ভর্তি মৌসুমে আবেদন ফি মওকুফ পাওয়া যাবে—এমন নিশ্চয়তা নেই। বিশ্ববিদ্যালয়, বিভাগ, ডিগ্রি, ভর্তি সেশন এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই সুবিধার শর্ত পরিবর্তিত হতে পারে।

উচ্চশিক্ষা–সংশ্লিষ্ট পরামর্শদাতারা বলছেন, আবেদন ফি বাঁচানোর পাশাপাশি শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত পূর্ণ বা আংশিক স্কলারশিপ এবং গবেষণা সহায়তা (ফান্ডিং) নিশ্চিত করা। এ জন্য শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), ভালো একাডেমিক ফলাফল, গবেষণা বা পেশাগত অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভর্তি অফিস থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার আগে তাদের নির্ভরযোগ্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নির্দেশনাকেই অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তারা।