সার্বিয়ায় ফুলফান্ড স্কলারশিপ, বিদেশি শিক্ষার্থীদের আবেদন আহ্বান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুলফান্ড স্কলারশিপের আওতায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সার্বিয়া সরকার। দেশটির রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন পর্যায়ের ডিগ্রি প্রোগ্রামে অধ্যয়নের জন্য এ সুযোগ দেওয়া হচ্ছে। ‘ওয়ার্ল্ড ইন সার্বিয়া’ প্রকল্পের আওতায় এশিয়া, আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বর্তমানে বিশ্বের ১২৭টি দেশের ৫৩৬ জন শিক্ষার্থী এ প্রকল্পের আওতায় সার্বিয়ায় পড়াশোনা করছেন।

নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে ছাত্রাবাস, খাবার, মাসিক ভাতা এবং স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন। পাশাপাশি পড়াশোনা শুরুর আগে বিনামূল্যে সার্বিয়ান ভাষা শেখার সুযোগও থাকবে। তবে যারা এ প্রকল্পের বাইরে ভর্তি হবেন, তারা ইংরেজি ভাষার বিভিন্ন প্রোগ্রামেও পড়াশোনা করতে পারবেন।

প্রতি বছর সার্বিয়ার শিক্ষা মন্ত্রণালয় স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন দেশের কনস্যুলার অফিসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের বেলগ্রেড, নোভি সাদ, নিশ ও ক্রাগুজেভাক শহরের ছাত্রাবাসে থাকার ব্যবস্থা করা হয়। এছাড়া পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি এবং প্রয়োজনীয় নথিপত্র অনুবাদের ক্ষেত্রেও সহায়তা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া সার্বিয়া CEEPUS (Central European Exchange Program for University Studies) কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একাডেমিক বিনিময়, গবেষণা, পাঠদান এবং সামার স্কুলে অংশ নেওয়ার সুযোগও দিচ্ছে। ১৯৯৪ সালে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৭৫ হাজারের বেশি একাডেমিক বিনিময় সম্পন্ন হয়েছে।

দ্বিপক্ষীয় শিক্ষা চুক্তির আওতায়ও প্রতিবছর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য পৃথক বৃত্তির ব্যবস্থা রয়েছে। এ স্কলারশিপে নির্বাচিতরা ৩ থেকে ১২ মাস মেয়াদি মাস্টার্স, পিএইচডি বা পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। তারা বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা এবং প্রতি মাসে ১৫ হাজার সার্বিয়ান দিনার ভাতা পাবেন।

সার্বিয়া সরকারের বিভিন্ন স্কলারশিপ কর্মসূচি ও আবেদনসংক্রান্ত সর্বশেষ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।