ব্রিটিশ নাগরিকত্বের ৭ পথ, জানুন কোনটিতে আবেদন করতে পারবেন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬
বিদেশিদের জন্য ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সাতটি প্রধান পথ তুলে ধরেছে যুক্তরাজ্য সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, জন্ম, বিবাহ, বংশসূত্র, আইরিশ নাগরিকত্ব, কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকত্ব, রাষ্ট্রহীন ব্যক্তি হিসেবে নিবন্ধন এবং নাগরিকত্ব ত্যাগের পর পুনরায় আবেদন—এই সাতটি উপায়ে যোগ্য ব্যক্তিরা ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
নির্দেশনা অনুযায়ী, যুক্তরাজ্যে জন্ম নেওয়া কোনো ব্যক্তি নির্দিষ্ট শর্ত পূরণ করলে জন্মসূত্রেই ব্রিটিশ নাগরিকত্ব পেতে পারেন। কিছু ক্ষেত্রে আলাদা আবেদন করারও প্রয়োজন হয় না।
ব্রিটিশ নাগরিককে বিয়ে করা বিদেশি নাগরিকও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এজন্য আবেদনকারীকে অন্তত তিন বছর যুক্তরাজ্যে বসবাস করতে হবে এবং ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) অথবা ইইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় স্থায়ী বসবাসের অনুমতি থাকতে হবে।
আইরিশ নাগরিকদের ক্ষেত্রে যুক্তরাজ্যে পাঁচ বছর বৈধভাবে বসবাসের পর ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করার সুযোগ রয়েছে।
এ ছাড়া যারা কোনো দেশের নাগরিক হিসেবে স্বীকৃত নন, অর্থাৎ রাষ্ট্রহীন, তারাও নির্ধারিত শর্ত পূরণ করে ব্রিটিশ নাগরিকত্বের জন্য নিবন্ধনের সুযোগ পাবেন।
আগে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন—এমন ব্যক্তিরাও বিদ্যমান নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করে নাগরিকত্ব ফিরে পাওয়ার সুযোগ রাখতে পারেন।
কমনওয়েলথভুক্ত দেশের কিছু নাগরিকের জন্যও বিশেষ বিধান রয়েছে। নির্দিষ্ট শর্ত অনুযায়ী, যদি আবেদনকারীর বাবা-মা ১৯৭৩ সালের আগে যুক্তরাজ্যে এসে থাকেন এবং আবেদনকারী দীর্ঘ সময় দেশটিতে বৈধভাবে বসবাস করে থাকেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে টানা দুই বছরের বেশি সময় যুক্তরাজ্যের বাইরে থাকা যাবে না।
বংশসূত্রেও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের বাইরে জন্ম হলেও আবেদনকারীর বাবা বা মা যদি ব্রিটিশ নাগরিক হন বা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে নির্ধারিত শর্ত অনুযায়ী নাগরিকত্বের আবেদন করা যাবে।
নাগরিকত্বের আবেদন অনুমোদিত হলে আবেদনকারীকে সিটিজেনশিপ সেরিমনি (Citizenship Ceremony)-তে অংশ নিতে হয়। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই তাকে ব্রিটিশ নাগরিকত্ব প্রদান করা হয়।
নতুন নির্দেশনার মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্বের বিভিন্ন যোগ্যতা ও আবেদনপদ্ধতি আরও স্পষ্ট করা হয়েছে। ফলে আবেদনকারীরা নিজেদের পরিস্থিতি অনুযায়ী কোন পথে নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব, তা সহজেই নির্ধারণ করতে পারবেন।



