কানাডায় অস্থায়ী ভিসার জন্য কতদিন অপেক্ষা করতে হবে?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ (IRCC) অস্থায়ী ভিসার আবেদন নিষ্পত্তির সর্বশেষ সময়সূচি প্রকাশ করেছে। ২২ জুলাইয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন প্রক্রিয়ার সময়ের পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে।

কানাডার ভেতর থেকে জমা দেওয়া ওয়ার্ক পারমিট আবেদনের অপেক্ষার সময় কিছুটা কমেছে। তবে পাকিস্তান ও ফিলিপাইনে এ সময় বেড়েছে। পাকিস্তানে বর্তমানে ওয়ার্ক পারমিট পেতে সময় লাগছে ১০ সপ্তাহ, যা আগে ছিল ৭ সপ্তাহ। ফিলিপাইনে বেড়ে হয়েছে ৭ সপ্তাহ, আগে ছিল ৬ সপ্তাহ। অন্যদিকে, কানাডার ভেতর থেকে জমা দেওয়া আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে ১২২ দিন।

স্টাডি পারমিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। কানাডায় আবেদন করলে সময় লাগছে ৭ সপ্তাহ, ভারতে ৫ সপ্তাহ, পাকিস্তানে ৬ সপ্তাহ, নাইজেরিয়ায় ৫ সপ্তাহ, আমেরিকায় ৫ সপ্তাহ এবং ফিলিপাইনে ৪ সপ্তাহ।

ভিজিটর ভিসার ক্ষেত্রে কানাডায় জমা দেওয়া আবেদন নিষ্পত্তির সময় কমে ৩৪ দিন থেকে ২৯ দিনে নেমে এসেছে। আমেরিকায় সময় কমে হয়েছে ২৭ দিন। ফিলিপাইনে সময় কমে ১৬ দিন হয়েছে। তবে ভারতে বেড়ে ২১ দিন, পাকিস্তানে ৪০ দিন এবং নাইজেরিয়ায় ৬৩ দিন হয়েছে।

সুপার ভিসার ক্ষেত্রেও কিছু দেশে অপেক্ষার সময় বেড়েছে। পাকিস্তানে এখন সময় লাগছে ১৯৪ দিন, যা আগে ছিল ১৮৭ দিন। নাইজেরিয়ায় বেড়ে হয়েছে ৩৯ দিন। অন্যদিকে, ফিলিপাইনে সময় কমে ৬৮ দিন এবং আমেরিকায় কমে হয়েছে ১২৪ দিন।

আইআরসিসি জানিয়েছে, কানাডার ভেতর থেকে জমা দেওয়া ওয়ার্ক পারমিটের আবেদন ১২০ দিনের মধ্যে এবং দেশের বাইরে থেকে জমা দেওয়া আবেদন ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। স্টাডি পারমিটের ক্ষেত্রেও একই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভিজিটর ভিসার বাইরে থেকে জমা দেওয়া আবেদন ১৪ দিনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই বেশি সময় লাগছে। সুপার ভিসার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ১১২ দিন হলেও পাকিস্তান ও আমেরিকায় বর্তমানে অপেক্ষার সময় এর চেয়ে বেশি।