হার্ভার্ডে নারী পেশাজীবীদের জন্য ফুল-ফান্ডেড ফেলোশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬
বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি বৈশ্বিক স্বাস্থ্য খাতে নেতৃত্ব গড়ে তুলতে নারী পেশাজীবীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের LEAD (Learn, Engage, Advance and Disrupt) Fellowship-এ আবেদন আহ্বান করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের যৌথ উদ্যোগে পরিচালিত এই ফেলোশিপটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের (LMIC) দেশগুলোর নারী পেশাজীবীদের জন্য।
নির্বাচিত ফেলোরা এক বছরব্যাপী নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে ভার্চুয়াল প্রশিক্ষণের পাশাপাশি ২০২৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের বোস্টনে হার্ভার্ডে ছয় সপ্তাহের আবাসিক (In-Residence) প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ফেলোশিপের আওতায় অংশগ্রহণকারীদের বিমানভাড়া, আবাসন, কোর্স ফি, ভিসা-সংক্রান্ত ব্যয় এবং দৈনিক ভাতা বহন করবে কর্তৃপক্ষ। পাশাপাশি এক্সিকিউটিভ কোচিং, হার্ভার্ডের শিক্ষকদের মেন্টরশিপ, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাসে অংশ নেওয়ার সুযোগও মিলবে।
আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি, বৈশ্বিক স্বাস্থ্য খাতে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং বর্তমান কর্মস্থলের সমর্থন থাকতে হবে। আবেদনকারীকে ২০২৭ সালের এপ্রিলে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার সক্ষমতাও থাকতে হবে।
আবেদনের সময় জীবনবৃত্তান্ত (সিভি), উদ্দেশ্যপত্র, নির্ধারিত প্রবন্ধ, প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার, মেন্টরের কমিটমেন্ট লেটার এবং দুটি রেফারেন্স লেটার জমা দিতে হবে।
আগ্রহীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে হার্ভার্ডের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

