চিকিৎসা ভিসায় নতুন নিয়ম, যা জানাল আমেরিকা দূতাবাস

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে আমেরিকা যেতে ইচ্ছুক বি-২ (B-2) ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত আমেরিকা দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের চিকিৎসার প্রয়োজনীয়তা প্রমাণের পাশাপাশি চিকিৎসা, যাতায়াত এবং আমেরিকায় অবস্থানের পুরো ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণও জমা দিতে হবে।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, চিকিৎসা ভিসার প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করবেন কনস্যুলার কর্মকর্তারা। আবেদনকারীর চিকিৎসার প্রয়োজন, পরিকল্পনা এবং আর্থিক সক্ষমতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে চিকিৎসার ব্যয় কোনোভাবেই আমেরিকার সরকারি ব্যবস্থার ওপর বোঝা হয়ে না দাঁড়ায়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের নিজ দেশের নিবন্ধিত চিকিৎসকের দেওয়া চিকিৎসা-সংক্রান্ত সুপারিশপত্র (Medical Report) জমা দিতে হবে। একই সঙ্গে কেন আমেরিকায় চিকিৎসা প্রয়োজন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়া আমেরিকার কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণে সম্মতির চিঠি (Acceptance Letter) জমা দিতে হবে। ওই চিঠিতে সম্ভাব্য চিকিৎসার সময়কাল, চিকিৎসা পরিকল্পনা এবং আনুমানিক ব্যয়ের বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরশিপ বা অন্যান্য গ্রহণযোগ্য নথির মাধ্যমে চিকিৎসা ব্যয়, বিমান ভাড়া এবং অবস্থানকালীন খরচ বহনের সক্ষমতা প্রমাণ করতে হবে।

দূতাবাসের মতে, নতুন নির্দেশনার উদ্দেশ্য হলো চিকিৎসা ভিসার আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করা। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় সব নথি প্রস্তুত রাখা এবং আর্থিক সক্ষমতার যথাযথ প্রমাণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।