তানজানিয়ার উপকূলে নৌকাডুবি, প্রাণ গেল ১৪ অভিবাসীর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

ফরাসি দ্বীপাঞ্চল মায়োতের উদ্দেশে বিপজ্জনক সমুদ্রযাত্রায় বেরিয়ে তানজানিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর আট দিন ধরে খোলা সমুদ্রে ভেসে থাকার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তানজানিয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃত ও উদ্ধার হওয়া অভিবাসীদের বেশির ভাগই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, বুরুন্ডি ও কোমোরোসের নাগরিক। উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় তারা ভারত মহাসাগর পাড়ি দিয়ে ফরাসি ভূখণ্ড মায়োতে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

মাফিয়া জেলার কমিশনার আজিজা মাঙ্গোসোঙ্গো জানান, গত ২২ জুলাই মাফিয়া দ্বীপের কুংউই গ্রামের উপকূলে ২২ জন জীবিত অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, যাত্রাপথে প্রবল ঝড়ে নৌযানটি ক্ষতিগ্রস্ত হলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর কোনো ধরনের সহায়তা ছাড়াই তারা আট দিন সমুদ্রে ভেসে ছিলেন।

স্থানীয় জেলেরা নৌযানটি উপকূলের কাছে দেখতে পেয়ে প্রশাসনকে খবর দিলে উদ্ধার অভিযান চালানো হয়। তবে ততক্ষণে অনাহার, পানিশূন্যতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ভূখণ্ডে পৌঁছাতে প্রতিবছর হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ বেছে নেন। কিন্তু অতিরিক্ত যাত্রী, অনিরাপদ নৌযান এবং প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ ও বৈধ অভিবাসন পথ সম্প্রসারণের আহ্বান জানিয়ে আসছে। তাদের মতে, নিরাপদ বিকল্পের অভাবই অনেক মানুষকে এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় বাধ্য করছে।