স্টাডি ভিসা বন্ধ, তবু যুক্তরাজ্যে মাস্টার্সের নতুন সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬
যুক্তরাজ্য সরকার স্টাডি ভিসা স্থগিত করায় ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষার সুযোগ তৈরি করেছে দেশটির ৯টি বিশ্ববিদ্যালয়। শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান মোজাইক এডুকেশন (Mosaic Education)-এর উদ্যোগে চালু হওয়া ‘মোজাইক স্কলারশিপ’ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
এই কর্মসূচির আওতায় আফগানিস্তান, মিয়ানমার, সুদান ও ক্যামেরুনের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর দূরশিক্ষণ (Distance Learning) বা ট্রান্সন্যাশনাল এডুকেশন (TNE) পদ্ধতিতে মাস্টার্স সম্পন্ন করতে পারবেন।
গত মার্চে যুক্তরাজ্যের হোম অফিস এসব দেশের শিক্ষার্থীদের নতুন স্টাডি ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করে। সরকারের ভাষ্য ছিল, এসব দেশের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় (Asylum) আবেদন করছেন। এর ফলে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসভিত্তিক ভর্তি ও চিভনিং স্কলারশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তির সুযোগ থেকে বঞ্চিত হন।
যেসব বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে
এই উদ্যোগে অংশ নেওয়া ৯টি বিশ্ববিদ্যালয় হলো—
কিংস কলেজ লন্ডন (King’s College London)
ইউনিভার্সিটি অব লন্ডন (University of London)
ইউনিভার্সিটি অব লেস্টার (University of Leicester)
ইউনিভার্সিটি অব নর্থ্যাম্পটন (University of Northampton)
ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ (University of St Andrews)
কার্ডিফ ইউনিভার্সিটি (Cardiff University)
বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন (Birkbeck, University of London)
ইউনিভার্সিটি অব স্যালফোর্ড (University of Salford)
অ্যাবেরিস্টউইথ ইউনিভার্সিটি (Aberystwyth University)
এই কর্মসূচিতে হায়ার এড পার্টনার্স ইউকে (Higher Ed Partners UK) সহযোগিতা করছে।
বর্তমানে সব কোর্সই অনলাইনে পরিচালিত হবে। ভিসা স্থগিতের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের স্বীকৃত ডিগ্রি অর্জনের এটিই অন্যতম বিকল্প পথ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ পর্যন্ত ১৯টি পূর্ণ অর্থায়নপ্রাপ্ত (Fully Funded) আসন নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের লক্ষ্য, চলতি বছরের মধ্যে আরও বিশ্ববিদ্যালয় যুক্ত হলে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ কর্মসূচির আওতায় আনা হবে।

