সুইজারল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, ইউনিভার্সিটি অব লুসানে মাস্টার্স স্কলারশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

সুইজারল্যান্ডে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। দেশটির অন্যতম শীর্ষ সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লুসান (University of Lausanne-UNIL) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য UNIL Master’s Grant ২০২৭-২৮-এর আবেদন আহ্বান করেছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬। প্রতি বছর মেধার ভিত্তিতে প্রায় ১০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য নির্বাচিত হন।

 

নির্বাচিত শিক্ষার্থীরা মাস্টার্স প্রোগ্রামের পুরো সময়জুড়ে প্রতি মাসে ১,৬০০ সুইস ফ্রাঙ্ক ভাতা পাবেন। এছাড়া নির্ধারিত টিউশন নিবন্ধন ফি থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে প্রতি সেমিস্টারে ৮০ সুইস ফ্রাঙ্ক নিবন্ধন ফি এবং আবাসন, স্বাস্থ্যবিমা, ভিসা, যাতায়াত ও অন্যান্য ব্যক্তিগত ব্যয় শিক্ষার্থীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।

 

আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে এবং নির্বাচিত প্রোগ্রামের ভাষা অনুযায়ী ইংরেজি বা ফরাসি ভাষায় C1 স্তরের দক্ষতা থাকতে হবে। এছাড়া আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত প্রশাসনিক ফি পরিশোধ করতে হবে।

 

স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মাস্টার্স প্রোগ্রামে আবেদন করা যাবে। তবে মেডিসিন, শিক্ষা এবং কয়েকটি নির্দিষ্ট পেশাভিত্তিক মাস্টার্স প্রোগ্রাম এ স্কলারশিপের আওতার বাইরে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। স্কলারশিপের আবেদনপত্রই বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের অংশ হিসেবে বিবেচিত হবে।

আবেদন ও বিস্তারিত:

https://www.unil.ch/international/en/home/menuinst/international-students/masters-grants.html