আশ্রয় আবেদন বাতিল হলে তৃতীয় দেশে পাঠাবে ইউরোপের ৫ দেশ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিদের ইউরোপের বাইরে তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপের পাঁচটি দেশ। এ জন্য ‘রিটার্ন হাব’ স্থাপনের উদ্যোগ নিয়েছে জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, গ্রিস ও নেদারল্যান্ডস। তবে এ ধরনের ব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে কাউন্সিল অব ইউরোপ।

কাউন্সিল অব ইউরোপের মানবাধিকার কমিশনার মাইকেল ও’ফ্লাহার্টি পাঁচ দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে চিঠি দিয়ে পরিকল্পনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, তৃতীয় দেশে রিটার্ন হাব স্থাপনের ক্ষেত্রে আটক, দুর্ব্যবহার ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে।

চারটি সুরক্ষা ব্যবস্থা

পরিকল্পনা বাস্তবায়নের আগে চারটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনার। এর মধ্যে রয়েছে যাদের পাঠানো হবে তাদের মানবাধিকার ঝুঁকি নিয়ে বিস্তারিত মূল্যায়ন, স্বাধীন ও নিয়মিত নজরদারি, আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি এবং সংসদীয়, বিচারিক ও জনসাধারণের পর্যবেক্ষণের সুযোগ রাখা।

কাউন্সিল অব ইউরোপ জানিয়েছে, রিটার্ন হাব নিয়ে যেকোনো উদ্যোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা থাকতে হবে। ঝুঁকি মূল্যায়ন, নজরদারি ও চুক্তির তথ্যও যথাসম্ভব জনসম্মুখে প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউরোপের বাইরে রিটার্ন হাব

নেদারল্যান্ডস জানিয়েছে, তারা জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক ও গ্রিসের সঙ্গে যৌথভাবে ইউরোপের বাইরে রিটার্ন ও ট্রানজিট হাব স্থাপনের বিষয়ে কাজ করছে। এসব কেন্দ্রে ইউরোপীয় ইউনিয়নে থাকার আইনগত অধিকার নেই—এমন অভিবাসীদের রাখা হতে পারে।

ইউরোপীয় পার্লামেন্টের গবেষণা বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থার আওতায় ইইউর সদস্যদেশগুলো তৃতীয় দেশে রিটার্ন হাব স্থাপন করতে পারবে। এ ধরনের কেন্দ্রের মাধ্যমে ইউরোপে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিসহ যাদের বৈধভাবে থাকার অধিকার নেই, তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করা হতে পারে। তবে এর জন্য সংশ্লিষ্ট তৃতীয় দেশের সঙ্গে চুক্তি প্রয়োজন হবে।

বাড়ছে রাজনৈতিক চাপ

ইউরোপে অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক চাপও বাড়ছে। গত মাসে ১৯টি ইইউ সদস্যরাষ্ট্র দ্রুত তৃতীয় দেশে অভিবাসন ব্যবস্থার সুযোগ কাজে লাগানোর জন্য ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

ইউরোপজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি এবং বিভিন্ন দেশে ডানপন্থি রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়ার মধ্যেই রিটার্ন হাবের পরিকল্পনা সামনে এসেছে। ফলে অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি মানবাধিকার সুরক্ষা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।