টিউশন ফি ছাড়াই অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল) ও পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (RTP)-এর আওতায় এ স্কলারশিপ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করবে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বছরে ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার করমুক্ত ভাতা দেওয়া হবে।
গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল) প্রোগ্রামের মেয়াদ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ তিন বছর ছয় মাস। শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষকদের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ পাবেন।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত মারডক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অন্যতম গবেষণাকেন্দ্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের ৯০টিরও বেশি দেশের শিক্ষক ও গবেষক এখানে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস অস্ট্রেলিয়ায় হলেও দুবাই ও সিঙ্গাপুরেও এর আন্তর্জাতিক ক্যাম্পাস রয়েছে।
যোগ্যতা
স্কলারশিপের জন্য আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা উল্লেখযোগ্য গবেষণা (থিসিস) সংবলিত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে অনলাইনে। প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট রিসার্চ অফিসের ই-মেইল graduateresearchdegrees@murdoch.edu.au-এ পাঠাতে হবে।
স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে মারডক ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (RTP) পেজে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।



