উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ার সেরা ৮ স্কলারশিপ, আবেদন চলছে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। বিশ্বমানের শিক্ষা, গবেষণার সুযোগ, আধুনিক শিক্ষা-পরিবেশ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধার কারণে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী দেশটিতে পড়তে যান। তবে উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের কারণে অনেকের জন্য সেখানে পড়াশোনা ব্যয়বহুল হয়ে ওঠে। এ ক্ষেত্রে বড় সহায়তা হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ান সরকারের দেওয়া পূর্ণ অর্থায়নের স্কলারশিপ।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গবেষণাভিত্তিক মাস্টার্স (Master by Research) ও পিএইচডি পর্যায়ে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (RTP) এবং অন্যান্য স্কলারশিপ প্রদান করে। এসব স্কলারশিপের আওতায় সাধারণত সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বার্ষিক জীবনযাত্রার ভাতা (স্টাইপেন্ড), স্বাস্থ্যবিমা এবং কিছু ক্ষেত্রে রিলোকেশন সহায়তাও দেওয়া হয়।

যেসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য স্কলারশিপ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মোনাশ ইউনিভার্সিটি, ডেকিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সিডনি, ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড (UQ), অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU), ইউনিভার্সিটি অব তাসমানিয়া, বন্ড ইউনিভার্সিটি এবং ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়ভেদে স্কলারশিপের সুবিধা ও আবেদনের সময়সীমা ভিন্ন হলেও অধিকাংশ স্কলারশিপে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি বছরে প্রায় ৩৬ হাজার থেকে ৪২ হাজার অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত করমুক্ত জীবনযাত্রার ভাতা দেওয়া হয়। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষকদের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ পান।

আবেদনকারীদের সাধারণত আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ভালো একাডেমিক ফলাফল, গবেষণার সক্ষমতা এবং ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (যেমন IELTS বা সমমানের পরীক্ষার ফল) থাকতে হবে। কিছু বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রস্তাব (Research Proposal) ও সম্ভাব্য সুপারভাইজারের সম্মতিও প্রয়োজন হতে পারে।

আগ্রহীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপের যোগ্যতা, আবেদনপদ্ধতি ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গুরুত্বপূর্ণ স্কলারশিপের লিংক

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা আলাদা। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।