স্কলারশিপে পড়ুন আমেরিকার ইয়েল ইউনিভার্সিটিতে, আবেদন চলছে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিচ্ছে আমেরিকার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইয়েল ইউনিভার্সিটি। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ আর্থিক সহায়তা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা ভিন্ন।

১৭০১ সালে প্রতিষ্ঠিত ইয়েল ইউনিভার্সিটি আমেরিকার কনেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত। এটি দেশটির তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বসেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে পরিচিত।

যেসব সুবিধা মিলবে

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ আর্থিক সহায়তা পাবেন। এছাড়া পরিবহন, গবেষণা ও প্রশিক্ষণ-সংক্রান্ত ভাতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী হতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তি-যোগ্যতা পূরণ করতে হবে।

স্নাতক পর্যায়ে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য সাধারণত স্নাতক ডিগ্রি প্রয়োজন। পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে অনেক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক নয়।

এছাড়া ভালো একাডেমিক ফলাফল, প্রয়োজনীয় ইংরেজি ভাষাদক্ষতা এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য শর্ত পূরণ করতে হবে। ইংরেজি ভাষা পরীক্ষার ন্যূনতম স্কোর প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের Need-Based Financial Aid কর্মসূচির আওতায় শিক্ষার্থীর পরিবারের আয়, সম্পদ, পরিবারের সদস্যসংখ্যা এবং সামগ্রিক আর্থিক অবস্থা বিবেচনা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্টের কপি
  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • পূর্ববর্তী শিক্ষাগত সনদ ও নম্বরপত্র
  • অনলাইন আবেদনপত্র
  • স্টেটমেন্ট অব পারপাস (SOP)
  • সুপারিশপত্র (Recommendation Letter)

আবেদন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমা আলাদা হওয়ায় নির্ধারিত কোর্সের ওয়েবপেজ থেকে সময়সূচি যাচাই করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদন ও বিস্তারিত তথ্য: https://admissions.yale.edu/