বাংলাদেশিদের জন্য জার্মানিতে স্কলারশিপ, আবেদন শেষ ১৫ জানুয়ারি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ দিচ্ছে হান্স সাইডেল ফাউন্ডেশন (Hans Seidel Foundation)। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঘোষিত এ স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা মাসিক ভাতা, স্টাডি অ্যালাউন্স এবং স্বাস্থ্যবিমা ভর্তুকিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। আগামী ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করা যাবে।
স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ৯৯২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা) ভাতা পাবেন। পিএইচডি গবেষকদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৬৫০ ইউরো। এছাড়া নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ৩০০ ইউরো স্টাডি অ্যালাউন্স এবং স্বাস্থ্যবিমার জন্য সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত ভর্তুকি পাবেন।
আবেদনের জন্য প্রার্থীর ভালো একাডেমিক ফলাফল, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি আবেদনকারীদের গবেষণা প্রস্তাব, একাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রমাণপত্র জমা দিতে হবে।
এছাড়া সাংবাদিকতায় আগ্রহী আবেদনকারীদের সংবাদপত্র, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়া প্রতিবেদনের পাঁচটি প্রকাশিত কাজের নমুনা বা লিংক জমা দিতে হবে। গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতা-সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
স্কলারশিপের জন্য আবেদন করতে জার্মান ভাষায় ন্যূনতম বি-২ (B2) স্তরের দক্ষতা থাকতে হবে। ভাষাগত দক্ষতার সনদ ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। পাশাপাশি জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও জমা দিতে হবে।
আবেদনের সময় পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, বৈধ পাসপোর্ট, জীবনবৃত্তান্ত (সিভি), পারসোনাল স্টেটমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়ক নথি জমা দিতে হবে।
আগ্রহীরা হান্স সাইডেল ফাউন্ডেশনের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।



