গবেষণার সুযোগ

আমেরিকার ফুলব্রাইট ফেলোশিপে আবেদন শুরু, শেষ সময় ৩ অক্টোবর

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম-এর আওতায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই ফেলোশিপের মাধ্যমে গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং অভিজ্ঞ পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে এক বছর গবেষণা ও শিক্ষকতার সুযোগ পাবেন। বাংলাদেশি নাগরিকরাও এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।

ফেলোশিপটি মূলত অন্তত ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে—এমন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য। আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং গবেষণা বা একাডেমিক কাজের সক্ষমতা প্রদর্শন করতে হবে।

এবারের কর্মসূচিতে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কারিকুলাম, রিমোট লার্নিং, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্কসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

ফুলব্রাইট ফেলোশিপের আওতায় নির্বাচিতরা পাবেন আন্তর্জাতিক বিমান ভাড়া, মাসিক ভাতা, আবাসন ব্যয়, শিক্ষকতার সম্মানী, স্বাস্থ্য ও অন্যান্য বীমা সুবিধা এবং প্রয়োজনীয় অভ্যন্তরীণ যাতায়াতের খরচ

আগ্রহীদের আগামী ৩ অক্টোবর ২০২৬ বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা অর্জনে আগ্রহী বাংলাদেশি গবেষক ও শিক্ষকদের জন্য ফুলব্রাইট ফেলোশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক সুযোগ হিসেবে বিবেচিত হয়।