আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নের জেফারসন স্কলারশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
উচ্চশিক্ষার জন্য আমেরিকা যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় (University of Virginia)। বিশ্ববিদ্যালয়টির Jefferson Scholarship 2027-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নের স্নাতক (Undergraduate) বৃত্তির আবেদন চলছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও মনোনয়নের মাধ্যমে এ বৃত্তির জন্য বিবেচিত হতে পারবেন।
জেফারসন স্কলারশিপ কী?
জেফারসন স্কলার ফাউন্ডেশন পরিচালিত এ বৃত্তির লক্ষ্য হলো একাডেমিকভাবে মেধাবী, নেতৃত্বগুণসম্পন্ন এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে সক্ষম শিক্ষার্থীদের সহায়তা করা। স্কলারশিপের জন্য নির্বাচিত হতে হলে শেষ পর্যন্ত আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
স্কলারশিপের সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা চার বছরের পড়াশোনায় পাবেন—
- সম্পূর্ণ টিউশন ফি
- ক্যাম্পাসে আবাসন ও খাবারের ব্যয়
- বই ও শিক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য খরচ
- ব্যক্তিগত ব্যয়ের জন্য আর্থিক সহায়তা
- গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের অনুদান
- আন্তর্জাতিক শিক্ষা সফরের সুযোগ
- নেতৃত্ব উন্নয়ন ও নাগরিকত্ববিষয়ক বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ ও শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বা ভার্জিনিয়ার বাইরের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তির মোট মূল্য ৪ লাখ ৫ হাজার মার্কিন ডলারেরও বেশি হতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
এই স্কলারশিপে সরাসরি আবেদন করা যায় না। আবেদনকারীকে অবশ্যই তার স্কুল বা কলেজের মাধ্যমে মনোনীত হতে হবে। সাধারণত উচ্চমাধ্যমিক বা সমমানের শেষ বর্ষের শিক্ষার্থীরা মনোনয়নের জন্য বিবেচিত হন।
নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়—
- অসাধারণ একাডেমিক ফলাফল
- নেতৃত্বের অভিজ্ঞতা
- সমাজসেবা ও নাগরিক দায়বদ্ধতা
- সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ
- ব্যক্তিগত সততা, উদ্যোগ ও ইতিবাচক প্রভাব তৈরির সক্ষমতা
SAT বা IELTS কি বাধ্যতামূলক?
জেফারসন স্কলারশিপ নির্বাচনের ক্ষেত্রে SAT, ACT, AP বা IB পরীক্ষার ফল বাধ্যতামূলক নয়। এছাড়া স্কলারশিপের জন্য আলাদা করে IELTS-ও আবশ্যক নয়। তবে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার যোগ্যতা পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য সাধারণত লাগবে—
- আবেদনপত্র
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- স্কুল প্রোফাইল
- একটি সুপারিশপত্র
- জীবনবৃত্তান্ত (সিভি) বা সহশিক্ষা কার্যক্রমের বিবরণ
- দুটি প্রবন্ধ (Personal Statement ও Leadership Essay)
- প্রয়োজনে অতিরিক্ত সহায়ক নথি
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে নিজেদের স্কুল বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে হবে, প্রতিষ্ঠানটি Jefferson Scholarship-এর জন্য শিক্ষার্থী মনোনয়নের সুযোগ পায় কি না। মনোনয়নের পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এরপর আঞ্চলিক বাছাই, সাক্ষাৎকার এবং চূড়ান্ত ভার্চুয়াল সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত স্কলার নির্বাচন করা হবে।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬



