আবেদন শেষ ৩১ অক্টোবর

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে হিউম্যান রাইটস স্কলারশিপ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হিউম্যান রাইটস স্কলারশিপ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি (ডক্টরাল) গবেষণা প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষস্থানীয় গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, আইন, উন্নয়ন, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, আদিবাসীদের অধিকার এবং মানবিক অধ্যয়নসহ বিভিন্ন বিষয়ে গবেষণাকে উৎসাহিত করতেই এ স্কলারশিপ চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।

স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি বছরে প্রায় ৪৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জীবনযাত্রার ভাতা দেওয়া হবে। মাস্টার্স শিক্ষার্থীরা সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডি শিক্ষার্থীরা সর্বোচ্চ সাড়ে তিন বছর পর্যন্ত এ ভাতা পাবেন। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর ভাতা, ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (ওএসএইচসি) এবং অসুস্থতা, মাতৃত্ব ও অভিভাবকত্বজনিত ছুটির সুবিধাও থাকবে।

আবেদনকারীদের অবশ্যই মেলবোর্ন ইউনিভার্সিটির মাস্টার্স বাই রিসার্চ বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে হবে অথবা ভর্তি-সংক্রান্ত অফার পেতে হবে। গবেষণার বিষয় মানবাধিকার-সংশ্লিষ্ট হতে হবে এবং প্রার্থীর শিক্ষাজীবনের ফলাফল সন্তোষজনক হতে হবে। পাশাপাশি মানবাধিকার বিষয়ে গবেষণা, কাজ বা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অভিজ্ঞতা এবং এর সামাজিক প্রভাব তুলে ধরে একটি ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রোপোজাল), জীবনবৃত্তান্ত (সিভি), সুপারিশপত্র এবং ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে। একই স্তরের কোনো গবেষণাভিত্তিক ডিগ্রি পূর্বে অর্জন করা থাকলে এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট রিসার্চ ডিগ্রির ভর্তি-সংক্রান্ত সব শর্ত এবং নির্ধারিত ইংরেজি ভাষাদক্ষতার মান পূরণ করতে হবে।

আগ্রহীরা মেলবোর্ন ইউনিভার্সিটির নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন করার শেষ সময় আগামী ৩১ অক্টোবর ২০২৬।

 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।