আইইএলটিএস ছাড়াই বিদেশে ভর্তি, তবে ভিসার ক্ষেত্রে যা মনে রাখতে হবে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। বিশ্বের বিভিন্ন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখন আইইএলটিএস ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে। নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে ইংরেজি মাধ্যমে পূর্ববর্তী পড়াশোনার প্রমাণ (Medium of Instruction–MOI), নিজস্ব ভাষা মূল্যায়ন বা সাক্ষাৎকারের ভিত্তিতেও ভর্তি হওয়ার সুযোগ মিলছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিতে পরিবর্তন এসেছে। ২০২৬ সালে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আইইএলটিএসের বিকল্প হিসেবে এমওআই সনদ বা অন্যান্য গ্রহণযোগ্য পদ্ধতি বিবেচনা করছে।

জার্মানির বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মাধ্যমের কিছু প্রোগ্রামে আইইএলটিএসের পরিবর্তে এমওআই সনদ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব সিগেন, ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন এবং আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কিছু প্রোগ্রাম।

ফ্রান্সের কয়েকটি বিজনেস স্কুলও ইংরেজি মাধ্যমে পূর্ববর্তী পড়াশোনার প্রমাণ বা সাক্ষাৎকারের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে। নিওমা বিজনেস স্কুল, কেজ বিজনেস স্কুল এবং প্যারিস স্কুল অব বিজনেসের কিছু প্রোগ্রামে আইইএলটিএস ছাড়াই আবেদন করা যায়।

নেদারল্যান্ডসের হ্যান ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, স্যাক্সিয়ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব গ্রোনিনজেনের নির্দিষ্ট কিছু কোর্সেও এমওআই বা সমমানের বিকল্প সনদ গ্রহণ করা হয়।

কানাডার কিছু কলেজ, পাথওয়ে প্রোগ্রাম এবং ভাষা প্রস্তুতিমূলক (Language Pathway/Bridge) কোর্সের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই মূল ডিগ্রি প্রোগ্রামে যাওয়ার সুযোগ পান।

এ ছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ও নির্দিষ্ট শর্তে আইইএলটিএস ছাড়াই আবেদন গ্রহণ করে থাকে।

আবেদনের ক্ষেত্রে সাধারণত মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), সুপারিশপত্র, বৈধ পাসপোর্ট এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আইইএলটিএস ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকলেও সেটি ভিসা নিশ্চিত হওয়ার নিশ্চয়তা নয়। অনেক দেশের ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীর ইংরেজি ভাষায় দক্ষতা ও বিদেশে পড়াশোনার প্রস্তুতি আলাদাভাবে মূল্যায়ন করে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোর্সে আইইএলটিএস ছাড়ের সুযোগ রয়েছে কি না, তা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা ভর্তি দপ্তর থেকে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।