লন্ডন কেন এখনো শিক্ষার্থীদের প্রথম পছন্দ?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য (লন্ডন) । আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ, স্বল্পমেয়াদি ডিগ্রি, বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এবং বৈশ্বিক চাকরিবাজারে উচ্চ গ্রহণযোগ্যতার কারণে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে যান।

বিশ্বখ্যাত QS World University Rankings-এ প্রতিবছর যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান দখল করে। বিশেষ করে বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, আইন, চিকিৎসা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সায়েন্স ও সামাজিক বিজ্ঞান বিষয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

কেন যুক্তরাজ্যে পড়বেন?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য জনপ্রিয় হওয়ার কয়েকটি প্রধান কারণ হলো—

  • বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণার সুযোগ
  • এক বছরের মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার সুবিধা
  • আধুনিক গবেষণাগার ও লাইব্রেরি সুবিধা
  • আন্তর্জাতিক মানের শিক্ষক ও গবেষকদের সঙ্গে কাজের সুযোগ
  • বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনার অভিজ্ঞতা
  • আন্তর্জাতিক চাকরির বাজারে ডিগ্রির উচ্চ গ্রহণযোগ্যতা

পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ

স্টুডেন্ট ভিসায় অধ্যয়নরত অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী টার্ম চলাকালে নির্ধারিত সময় পর্যন্ত পার্ট-টাইম কাজ এবং ছুটির সময়ে ফুল-টাইম কাজ করার সুযোগ পান। এতে জীবনযাত্রার ব্যয়ের একটি অংশ বহন করা সহজ হয়। তবে কাজের সময়সীমা ও শর্ত কোর্স ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।

বর্তমানে কোন ভিসায় আবেদন করতে হয়?

আগের Tier 4 (General Student Visa) ব্যবস্থা বাতিল করে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Student Visa চালু রয়েছে। কোর্সে ভর্তি নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে Confirmation of Acceptance for Studies (CAS) পাওয়ার ভিত্তিতে এই ভিসার আবেদন করা যায়।

ভিসার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন

স্টুডেন্ট ভিসার আবেদন করতে সাধারণত প্রয়োজন হয়—

  • বিশ্ববিদ্যালয়ের CAS
  • বৈধ পাসপোর্ট
  • একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (IELTS/PTE/TOEFL বা বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিকল্প)
  • আর্থিক সক্ষমতার প্রমাণ (যেখানে প্রযোজ্য)
  • টিউবারকিউলোসিস (TB) পরীক্ষার সনদ (বাংলাদেশসহ নির্ধারিত দেশের আবেদনকারীদের জন্য)
  • প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি

আবেদন প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয় থেকে অফার ও CAS পাওয়ার পর অনলাইনে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয়। আবেদন শেষে ভিসা আবেদন কেন্দ্রে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও ছবি) জমা দিতে হয়। এরপর আবেদন যাচাই শেষে ভিসার সিদ্ধান্ত জানানো হয়।

ভিসা ফি কত?

২০২৬ সালের ৮ এপ্রিল থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার আবেদন ফি ৫৫৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভিসার মেয়াদ অনুযায়ী Immigration Health Surcharge (IHS) পরিশোধ করতে হয়, যা শিক্ষার্থীদের যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) ব্যবহারের সুযোগ দেয়।

পড়াশোনা শেষে কাজের সুযোগ

পড়াশোনা শেষ করার পর যোগ্য শিক্ষার্থীরা Graduate Route-এর আওতায় যুক্তরাজ্যে থেকে কাজের জন্য আবেদন করতে পারেন। তবে ২০২৭ সাল থেকে এই রুটের মেয়াদ দুই বছর থেকে কমিয়ে ১৮ মাস করার পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। ফলে ২০২৬ সালে আবেদনকারীদের সর্বশেষ নীতিমালা সম্পর্কে আগে থেকেই খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আবেদন করার আগে যা মনে রাখবেন

বিশেষজ্ঞদের পরামর্শ, আবেদন করার আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি-সংক্রান্ত শর্ত, প্রয়োজনীয় ডকুমেন্টস, টিউশন ফি, স্কলারশিপ, ভিসার শর্ত এবং কোর্সের তথ্য ভালোভাবে যাচাই করা উচিত। একই সঙ্গে ভিসা আবেদনেও সব তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে, যাতে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি না থাকে।