বেসরকারি ব্যবস্থাপনায় তিন হজ প্যাকেজ ঘোষণা

সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ ও ওমরাহ সেবা প্রদানকারী এজেন্সিগুলো। সৌদি আরবের চূড়ান্ত ব্যয়ের হিসাব এখনো নির্ধারিত না হওয়ায় গত বছরের ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য খরচ বিবেচনায় এসব প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে সৌদি সরকারের নির্ধারিত ব্যয় বাড়লে বা কমলে সে অনুযায়ী প্যাকেজের মূল্য সমন্বয় করা হবে।

এবারের হজ প্যাকেজে কোরবানির খরচ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ, নুসুক মাসার (Nusuk Masar) প্ল্যাটফর্মের মাধ্যমে কোরবানির অর্থ পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রতিটি প্যাকেজেই খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঘোষিত প্যাকেজগুলোর মধ্যে হজ প্যাকেজ-১ (বিশেষ)-এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। এ প্যাকেজে উন্নতমানের আবাসন, পরিবহন, খাবার এবং অন্যান্য সেবা অন্তর্ভুক্ত থাকবে।

হজ প্যাকেজ-২ (সাধারণ)-এর সম্ভাব্য ব্যয় ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা। এতে সাধারণ মানের আবাসন ও প্রয়োজনীয় অন্যান্য সেবা নিশ্চিত করা হয়েছে।

আর হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা। কম খরচে হজ পালনে আগ্রহীদের জন্য এ প্যাকেজে মৌলিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া হজযাত্রীদের চাহিদা অনুযায়ী হজ এজেন্সিগুলো অতিরিক্ত একটি বিশেষ প্যাকেজ চালুর সুযোগও পাবে।

এজেন্সিগুলোর তথ্যমতে, প্রতিটি প্যাকেজে খাবার, কোরবানির খরচ, পরিবহন, আবাসন, ভিসা ফি এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। হজ কার্যক্রম পরিচালনায় এজেন্সির তত্ত্বাবধানে নির্ধারিত গাইড ও মোয়াল্লেম দায়িত্ব পালন করবেন।

হজ প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য জানতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হজ ও ওমরাহ মেলা পরিদর্শনের আহ্বান জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মেলায় দেশের শীর্ষ হজ এজেন্সিগুলো তাদের বিভিন্ন প্যাকেজ ও অফার নিয়ে অংশ নিয়েছে।