মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য এবার ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। দেশটির বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস (FWCMS) বৃহস্পতিবার নতুন এ তালিকা প্রকাশ করে। এতে প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)ও অন্তর্ভুক্ত হয়েছে।
নতুন তালিকায় সরাসরি কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সি এবং তাদের অধীনে ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে রাখা হয়েছে। একই সাথে বোয়েসেলের আওতায় রয়েছে ৬২টি রিক্রুটিং এজেন্সি। সব মিলিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়ায় সরাসরি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে ৩৩৮টি এজেন্সি কাজ করবে।
এর আগে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছিল। নতুন তালিকায় সরকারি প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক এজেন্সি যুক্ত হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ল।
এফডব্লিউসিএমএসে প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত এজেন্সিগুলোর মাধ্যমেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত এজেন্সির সংখ্যা বাড়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি সরকারি তত্ত্বাবধানও বাড়বে।
নতুন তালিকায় থাকা এজেন্সিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্নেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট ওভারসিজ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল ও এ-প্লাস ইন্টারন্যাশনাল।
এ ছাড়া আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি অ্যামপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এবং বোয়েসেলের আওতাধীন এজেন্সিগুলোও তালিকায় রয়েছে।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ শ্রমবাজার। নতুন তালিকা কার্যকর হলে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ আরও বাড়তে পারে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে এবং দেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়বে।
তবে কর্মী পাঠানোর ক্ষেত্রে তালিকাভুক্ত বৈধ এজেন্সির মাধ্যমে নিয়োগ, নির্ধারিত অভিবাসন ব্যয় এবং মালয়েশিয়ার কর্মসংস্থানসংক্রান্ত শর্ত যাচাই করে এগোনোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



