হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, এখন পর্যন্ত নিবন্ধিত ৩,৭৪১ জন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

২০২৭ সালের হজযাত্রার নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না।

গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমে এখন পর্যন্ত আগ্রহী হজযাত্রীর সংখ্যা তুলনামূলক কম। ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

২০২৭ সালের জন্য বাংলাদেশের হজযাত্রী কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। তবে কোটা অনুযায়ী নিবন্ধনের সংখ্যা এখনো অনেক কম রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রস্তুতের পর হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান, ফিটনেস সনদ গ্রহণ এবং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি সৌদি পর্বের অর্থ প্রেরণ ও ভিসা প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।

ধর্ম মন্ত্রণালয় আগ্রহী হজযাত্রীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।