আমেরিকায় চাকরি করতে বিদেশি শিক্ষার্থীদের গুনতে হতে পারে ১ লাখ ডলার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

আমেরিকায় পড়াশোনা শেষে চাকরি করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য ১ লাখ মার্কিন ডলার ফি আরোপের প্রস্তাব বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থী, মার্কিন বিশ্ববিদ্যালয় এবং বিদেশি স্নাতকদের নিয়োগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) কর্মসূচির সঙ্গে এ ফি যুক্ত করার বিষয়টি পর্যালোচনা করছে।

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ওপিটি কর্মসূচির আওতায় নিজ নিজ ছাত্রভিসায় সাধারণত এক থেকে তিন বছর পর্যন্ত আমেরিকায় কাজ করার সুযোগ পান।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণের ওপর নির্ভরশীল আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি সিলিকন ভ্যালি, ওয়াল স্ট্রিট এবং অন্যান্য খাতের নিয়োগদাতারাও এর প্রভাব অনুভব করতে পারেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি নাগরিক ওপিটি কর্মসূচির আওতায় আমেরিকায় কর্মরত ছিলেন।

এর আগে ট্রাম্প প্রশাসন উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের এইচ-১বি (H-1B) ভিসা আবেদনের ক্ষেত্রেও বছরে ১ লাখ ডলার ফি আরোপের উদ্যোগ নিয়েছিল। তবে সম্প্রতি একটি মার্কিন আপিল আদালত সেই সিদ্ধান্ত কার্যকর হওয়া স্থগিত রাখে।

প্রতিবেদন অনুযায়ী, ওপিটি কর্মসূচিতে নতুন ফি আরোপের প্রস্তাবটি এখনো আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আলোচনা পর্যায়ে রয়েছে। হোয়াইট হাউস শেষ পর্যন্ত এটি অনুমোদন দেবে কি না, কিংবা এ ফি শিক্ষার্থী নাকি নিয়োগকর্তা বহন করবেন—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।