শিক্ষার্থীদের জন্য ‘অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড এক্সপো’ আগামীকাল

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামীকাল রোববার (২ আগস্ট) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হবে ‘অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড এক্সপো ২০২৬’। মেন্টরস স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অনুষ্ঠিত এ এক্সপোতে ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে সিটি ব্যাংক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্সপোতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২০টির বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। আগ্রহী শিক্ষার্থীরা একই ছাদের নিচে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, ভিসা, কোর্স নির্বাচন এবং উচ্চশিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, চার্লস ডারউইন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ইউনিভার্সিটি অব অকল্যান্ড, ইউনিভার্সিটি অব ওটাগো এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ ছাড়া শিক্ষার্থীরা মেন্টরস স্টাডি অ্যাব্রোডের অভিজ্ঞ পরামর্শকদের কাছ থেকে ব্যক্তিগত কাউন্সেলিং, প্রোফাইল মূল্যায়ন, স্কলারশিপ-সংক্রান্ত দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এক্সপো থেকেই তাৎক্ষণিকভাবে আবেদন ফাইল খুলে পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়াও শুরু করা যাবে।

আয়োজকরা জানিয়েছেন, এক্সপোটি সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে কোনো নিবন্ধন বা আবেদন ফি লাগবে না। স্নাতক, স্নাতকোত্তর কিংবা গবেষণাভিত্তিক উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং অভিজ্ঞ কাউন্সেলরদের পরামর্শ বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।