শরণার্থী ও অভিবাসীদের দক্ষ জনশক্তি গড়ে তুলছে জার্মানি, বাড়ছে কর্মসংস্থান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

দক্ষ কর্মীর ঘাটতি মোকাবিলায় অভিবাসী ও শরণার্থীদের কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে জার্মানি। ইন্টিগ্রেশনসপ্রজেক্ট ফাখক্র্যাফটে ফ্যুর দাস হ্যান্ডভার্ক (IFHA – Integrationsprojekt Fachkräfte für das Handwerk) নামে এই প্রকল্পের মাধ্যমে অভিবাসী, শরণার্থী এবং অভিবাসী পটভূমি থাকা শিক্ষার্থীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

২০২৪ সালের এপ্রিল থেকে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ভাষাগত প্রতিবন্ধকতা দূর করা, কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণ বাড়ানো এবং নিয়োগকর্তাদের সঙ্গে অভিবাসীদের সংযোগ জোরদার করা। একই সঙ্গে জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ জনবল সংকট কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত পরামর্শ, ভাষা সহায়তা, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ (Apprenticeship), চাকরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ভাষা কোর্স, শরণার্থী আশ্রয়কেন্দ্র, চাকরি মেলা ও প্রশিক্ষণ মেলায় অংশ নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

২০২৪ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত IFHA প্রকল্পের মাধ্যমে ১ হাজার ১৫৯ জন সহায়তা পেয়েছেন, যার মধ্যে ২০১ জন নারী। প্রকল্পের অর্জনের মধ্যে রয়েছে—

২৭৮ জন কারিগরি প্রশিক্ষণে ভর্তি হয়েছেন।

১৮১ জন স্থায়ী বা নিয়মিত কর্মসংস্থান পেয়েছেন।

২৬৯ জন ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন।

২৯ জন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

৩ জন মাস্টার ক্রাফটসম্যান (Master Craftsman) উপাধি অর্জন করেছেন।

১১ জন নিজস্ব ব্যবসা শুরু করেছেন।

এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য ২ হাজার ৩০০টির বেশি কাউন্সেলিং সেশন পরিচালনা করা হয়েছে এবং ৩৯৫টির বেশি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে।

প্রকল্পটি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ইতোমধ্যে ৫৫০টির বেশি ইভেন্ট ও নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নিয়ে অভিবাসীদের কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করা হয়েছে।

উদ্ভাবনী এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ IFHA প্রকল্প “Germany – Land of Ideas” আয়োজিত “Growing Together: Good Ideas for Integration” প্রতিযোগিতায় “Ideengeber 2025” পুরস্কার অর্জন করেছে।

লোয়ার স্যাক্সনি অঙ্গরাজ্যের অর্থনীতি, পরিবহন ও নির্মাণবিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় ছয়টি হ্যান্ডওয়ার্কস চেম্বারের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে অভিবাসীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জার্মানির শ্রমবাজারের চাহিদা পূরণের পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।