ওমানে চালু হলো ১৪ দিনের বিনামূল্যের পর্যটন ভিসা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
বিদেশি পর্যটকদের জন্য নতুন ১৪ দিনের বিনামূল্যের (ফ্রি) পর্যটন ভিসা চালু করেছে ওমান। পর্যটন খাতে গতি আনা এবং স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করতে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
ওমানের সংশোধিত বিদেশি আবাসন আইনের নির্বাহী বিধিমালায় নতুন এ ভিসা ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। গত ২ আগস্ট সরকারি গেজেটে বিধিমালাটি প্রকাশিত হয় এবং পরদিন থেকে তা কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দেশের নাগরিকরা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন। এ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজন হলে তা নির্ধারিত ফি ও শর্তসাপেক্ষে অন্য ধরনের পর্যটন ভিসায় রূপান্তর করা যাবে।
ওমান কর্তৃপক্ষের আশা, নতুন এ উদ্যোগের মাধ্যমে স্বল্পমেয়াদি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে এবং দেশের পর্যটন শিল্প আরও গতিশীল হবে।
তবে এ সুবিধা সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। কোন কোন দেশের নাগরিক এই ১৪ দিনের বিনামূল্যের ভিসা পাবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলাদাভাবে তালিকা প্রকাশ করবে।



