আমেরিকার ভিসা বন্ডের আওতায় এশিয়ার যে ১২টি দেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
আমেরিকার পররাষ্ট্র দপ্তর তাদের পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে। ২০২৫ সালের আগস্টে চালু হওয়া এ কর্মসূচি এখন থেকে স্থায়ীভাবে কার্যকর হবে। বর্তমানে বিশ্বের ৫০টি দেশের নাগরিক এই কর্মসূচির আওতায় রয়েছেন। এর মধ্যে এশিয়ার ১২টি দেশ হলো—বাংলাদেশ, নেপাল, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, ফিজি, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাপুয়া নিউগিনি, টোঙ্গা, টুভালু ও ভানুয়াতু।
এই কর্মসূচি কেবল ব্যবসা ও পর্যটন ভিসা (বি-১/বি-২) আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা পাওয়ার আগে প্রয়োজন হলে ১০ হাজার, ১৫ হাজার অথবা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। সাক্ষাৎকারের সময় আমেরিকার কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর ক্ষেত্রে বন্ড প্রয়োজন হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন।
নিয়ম অনুযায়ী, বন্ড জমা দিতে অস্বীকৃতি জানালে ভিসা আবেদন অনুমোদিত হবে না। তবে বন্ড জমা দিয়ে ভিসা পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আমেরিকা ত্যাগ করলে ওই অর্থ ফেরত দেওয়া হবে।
ওভারস্টে কমার দাবি
ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে কর্মসূচিটি কার্যকর প্রমাণিত হয়েছে। ২০২৪ অর্থবছরে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্যে ৪৫ হাজারের বেশি ওভারস্টের ঘটনা নথিভুক্ত হয়েছিল। তবে কর্মসূচি চালুর প্রথম ১০ মাসে ওভারস্টের সংখ্যা ৫০-এর নিচে নেমে আসে বলে দাবি করা হয়েছে।
একই সময়ে এসব দেশের নাগরিকদের ভিসা ইস্যুর হারও উল্লেখযোগ্যভাবে কমে যায়। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় অর্ধেক আবেদনকারী বন্ড জমা দিতে রাজি না হওয়ায় তারা ভিসা পাননি।
বাংলাদেশের চিত্র
আমেরিকার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশি নাগরিকদের বি-১/বি-২ ভিসায় ওভারস্টে হার ছিল ৫ দশমিক ৭৩ শতাংশ, যা সংখ্যায় ২ হাজার ২০০ জনের বেশি। নেপালে ওভারস্টের হার ছিল ৩ দশমিক ১২ শতাংশ, আর তুর্কমেনিস্তানে হার ছিল ১৫ দশমিক ৮৯ শতাংশ। টুভালুতে মাত্র ৪৩ জন ভ্রমণকারীর মধ্যে ৫ জন ওভারস্টে করায় হার দাঁড়ায় ১১ দশমিক ৬৩ শতাংশ।
বন্ডের অঙ্ক নিয়ে প্রশ্ন
এই কর্মসূচির সবচেয়ে আলোচিত বিষয় হলো বন্ডের পরিমাণ। আবেদনকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। পর্যবেক্ষকদের মতে, এত বড় অঙ্কের অর্থ অনেক আবেদনকারীর জন্য জোগাড় করা কঠিন হতে পারে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আমেরিকায় বিদেশি পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। তবে এ হ্রাসের পেছনে ভিসা বন্ড কর্মসূচির পাশাপাশি কঠোর অভিবাসন নীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য কারণও ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের ধারণা।



