কাতারে বিদেশি বাসিন্দাদের জন্য বিনা ফিতে বিশেষ ওয়ার্ক পারমিট
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
কাতার সরকার বিদেশি বাসিন্দাদের জন্য নতুন ধরনের বিশেষ ওয়ার্ক পারমিট চালু করেছে। এ পারমিটের সবচেয়ে বড় সুবিধা হলো, আবেদনকারীদের কোনো ফি দিতে হবে না। ফলে আর্থিক ব্যয় ছাড়াই বৈধভাবে চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, নতুন এ বিশেষ ওয়ার্ক পারমিট মূলত কাতারে বৈধভাবে বসবাসরত বিদেশি বাসিন্দাদের জন্য। পরিবার স্পন্সরশিপে থাকা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, বিনিয়োগকারী এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নাগরিকরা এ সুবিধা পাবেন।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীর সক্রিয় জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং তার রেসিডেন্স পারমিটের মেয়াদ কমপক্ষে তিন মাস থাকতে হবে। এ দুটি শর্ত পূরণ হলেই বিনা ফিতে বিশেষ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যাবে।
নতুন ব্যবস্থার অন্যতম সুবিধা হলো, আবেদনকারীদের বর্তমান রেসিডেন্স ভিসার ধরন পরিবর্তন করতে হবে না। অর্থাৎ পরিবার স্পন্সরশিপ বা বিনিয়োগকারী ভিসায় থাকা ব্যক্তিরা একই ভিসা বহাল রেখেই চাকরিতে যোগ দিতে পারবেন। তবে পারমিটধারী ব্যক্তি নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, একাধিক নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ থাকবে না।
কাতার সরকার জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে শ্রমবাজারে অংশগ্রহণ বাড়বে এবং দীর্ঘদিন ধরে পরিবার বা বিনিয়োগের মাধ্যমে কাতারে বসবাসরত ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এবং ডিজিটাল সেবার সম্প্রসারণও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, বিনা ফিতে ওয়ার্ক পারমিট চালু হওয়ায় অনেক বিদেশি বাসিন্দা চাকরির বাজারে যুক্ত হতে উৎসাহিত হবেন। বিশেষ করে পরিবার স্পন্সরশিপে থাকা তরুণরা পড়াশোনার পাশাপাশি বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। একই সঙ্গে বিনিয়োগকারীরাও নিজেদের ব্যবসায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে পারবেন।



