জাপানে দক্ষ বিদেশি কর্মীদের জন্য পাঁচ বছরের নতুন থাকার মেয়াদ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
জাপান সরকার দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। টাইপ-২ স্পেসিফায়েড স্কিলড ফরেন ওয়ার্কার ভিসাধারীরা এখন থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদের আবাসনের অনুমতি পাবেন। নতুন এ ব্যবস্থা আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে।
জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি ৪ আগস্ট এ-সংক্রান্ত একটি খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, জনমত গ্রহণ শেষে চূড়ান্ত নীতিমালা কার্যকর করা হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, পাঁচ বছরের আবাসনের অনুমতি পেতে আবেদনকারীদের কর্মসংস্থানের স্থিতিশীলতা, ধারাবাহিক কর্ম-ইতিহাস, কর পরিশোধের রেকর্ডসহ নির্ধারিত বিভিন্ন শর্ত পূরণ করতে হবে।
এর আগে টাইপ-২ স্পেসিফায়েড স্কিলড ফরেন ওয়ার্কার ভিসায় ছয় মাস, এক বছর, দুই বছর অথবা তিন বছরের আবাসনের অনুমতি দেওয়া হতো। নতুন সিদ্ধান্তের ফলে দক্ষ বিদেশি কর্মীরা আরও দীর্ঘ সময় জাপানে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন।
জাপান সরকার জানিয়েছে, নতুন পাঁচ বছরের মেয়াদ অন্যান্য আবাসন ভিসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন নার্সিং কেয়ার খাতে কর্মরত বিদেশিদের জন্যও সর্বোচ্চ পাঁচ বছরের আবাসনের সুযোগ রয়েছে। এখন একই সুবিধা টাইপ-২ ভিসাধারীরাও পাবেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, স্থায়ী আবাসনের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ভিসার সর্বোচ্চ মেয়াদে বসবাসের শর্ত পূরণ করতে হয়। ফলে পাঁচ বছরের নতুন মেয়াদ টাইপ-২ ভিসাধারীদের স্থায়ী আবাসনের আবেদন করার পথ আরও সহজ করবে।
জাপানে টাইপ-২ স্পেসিফায়েড স্কিলড ফরেন ওয়ার্কার ভিসা মূলত নির্মাণ, জাহাজ নির্মাণ, কৃষি, নার্সিং কেয়ারসহ বিভিন্ন খাতে দক্ষ বিদেশি কর্মীদের দেওয়া হয়। এ ভিসাধারীরা দীর্ঘমেয়াদে কাজ করার পাশাপাশি পরিবারের সদস্যদেরও সঙ্গে রাখার সুযোগ পান।
বিশ্লেষকদের মতে, জনসংখ্যা সংকট ও দক্ষ কর্মীর ঘাটতি মোকাবিলায় জাপানের জন্য এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি আবাসনের সুযোগ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে কাজ করতে উৎসাহিত করবে এবং নিয়োগকর্তাদের জন্য দক্ষ কর্মী ধরে রাখা সহজ হবে।
নতুন নীতি কার্যকর হলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা জাপানে দীর্ঘমেয়াদে কাজের আরও বড় সুযোগ পাবেন। এতে প্রবাসী পরিবারগুলোর আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তির সংকট মোকাবিলায় সহায়তা করবে।
জাপান সরকার জানিয়েছে, নতুন নীতিমালার বিস্তারিত শর্ত ও আবেদন প্রক্রিয়া শিগগিরই প্রকাশ করা হবে।



