আমেরিকা ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
আমেরিকায় ভ্রমণের পরিকল্পনা করছেন— এমন বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকার আমেরিকান দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আমেরিকায় ভ্রমণের সময় চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিসহ সম্ভাব্য সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে হবে।
৩ আগস্ট দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, ভ্রমণের সময় এমন আর্থিক প্রস্তুতি থাকতে হবে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন দেখা দিলে ভ্রমণকারী নিজেই সব ব্যয় বহন করতে পারেন।
আমেরিকান দূতাবাস আরও জানিয়েছে, আমেরিকার করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এমন ঘটনা ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির আমেরিকায় ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজের সুযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, এ সতর্কবার্তার উদ্দেশ্য ভ্রমণকারীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা। কারণ আমেরিকায় চিকিৎসাসেবাসহ অন্যান্য ব্যয় বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি ছাড়া ভ্রমণ করলে জরুরি পরিস্থিতিতে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে।
এ ছাড়া করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধা কেবল যোগ্য ব্যক্তিদের জন্য নির্ধারিত। বিদেশি ভ্রমণকারীরা এসব সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে ভিসা বা অভিবাসন-সংক্রান্ত সিদ্ধান্তে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো মানুষ পর্যটন, ব্যবসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে আমেরিকা ভ্রমণ করেন। তাই ভ্রমণের আগে পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি এবং স্থানীয় আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ঢাকার আমেরিকান দূতাবাস।



