ওমরাহযাত্রীদের খাবারে বাধ্যতামূলক ফুড ভাউচার, বাড়বে খরচ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
সৌদি আরব ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশি ভ্রমণকারীদের ওমরাহর খরচ বাড়তে পারে। আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ভিসা নিতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল খাবারের খরচ ভিসা ফি-র সঙ্গে যুক্ত হবে। ফলে ১০ দিনের ওমরাহ সফরে একজন যাত্রীকে শুধু খাবারের জন্যই প্রায় ২০০ সৌদি রিয়াল অতিরিক্ত পরিশোধ করতে হবে। চার সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে একই সময়ের জন্য এ অতিরিক্ত ব্যয় প্রায় ৮০০ সৌদি রিয়ালে পৌঁছাতে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের নিরুৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় হোটেল বুকিং, পরিবহন ও খাবারসহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। এ লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁ নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে।
নতুন নিয়মে ওমরাহযাত্রীদের ভিসার বিশেষ কোড ব্যবহার করে অনুমোদিত রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে হবে। এতে খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতারণার ঝুঁকিও কমবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। নতুন নিয়ম কার্যকর হলে তাদের ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত ব্যয় যুক্ত হবে। আগে অনেক যাত্রী স্থানীয়ভাবে খাবার কিনে খরচ নিয়ন্ত্রণ করলেও এখন বাধ্যতামূলকভাবে নির্ধারিত ফুড ভাউচার কিনতে হবে।
বিশ্লেষকদের মতে, এটি ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ। এতে সেবার স্বচ্ছতা ও মান বাড়লেও বাংলাদেশি যাত্রীদের জন্য সফরের বাজেট নতুন করে পরিকল্পনা করতে হবে। ট্রাভেল এজেন্সিগুলোকেও নতুন নিয়ম অনুযায়ী ওমরাহ প্যাকেজের মূল্য পুনর্নির্ধারণ করতে হতে পারে।



