শ্রমিক সংকট মোকাবিলায় ১৫ হাজার বিদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

শ্রমিক সংকট মোকাবিলায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জরুরি ভিত্তিতে জনবল প্রয়োজন এমন খাতে কর্মী সরবরাহ নিশ্চিত করতেই এ নির্দেশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য জানান।

ফাহমি বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিক চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে আবেদন নিষ্পত্তির কাজ দ্রুত শেষ করতে চায় সরকার।

এর আগে ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে বিদেশি শ্রমিক সংকটের সমাধান করতে নির্দেশ দেন। বিশেষ করে মালয়েশিয়ার ভারতীয় মুসলিম বা মামাক রেস্তোরাঁ খাতে শ্রমিকের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রেস্তোরাঁসহ বিভিন্ন খাতের জন্য প্রয়োজনীয় কর্মী নিয়োগ এখন অত্যন্ত জরুরি। তবে বিদেশি কর্মী আনার ক্ষেত্রে বিদ্যমান নিয়মকানুন ও নিয়ন্ত্রণব্যবস্থা কঠোরভাবে অনুসরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সরকারের সর্বশেষ এ নির্দেশনার ফলে বিদেশি কর্মী নিয়োগের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর আবেদন দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। এতে শ্রমিক সংকটে ভোগা বিভিন্ন খাত স্বস্তি পাবে এবং উৎপাদন ও সেবা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।